বিধ্বস্ত তুরস্ক-সিরিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্প

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৩১

তুরস্ক-সিরিয়া সীমান্ত অঞ্চলে ফের ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, তুরস্কের হাতায় প্রদেশে সোমবারের আফটারশকটি গভীরতা ছিল ২ কিলোমিটার। 

প্রতিবেদনে বলা হয়েছে, ডেফনি শহরে রাত ৮টা ৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে এবং আন্তাকিয়া ও আদানা শহরেও বেশ জোরালোভাবে এর কম্পন অনুভূত হয়। 

তুরস্কের জরুরি ব্যবস্থাপনা সংস্থা বলছে, কয়েক মিনিটি পরে হাতায় প্রদেশের সামানদাগ জেলায় ৫ দশমিক ৮ মাত্রার দ্বিতীয় ভূমিকম্প আঘাত হানে।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়ায় বিধ্বংসী ভূমিকম্পে মৃত্যুর মিছিল থামছেই না। শুধু তুরস্কেই নিহত হয়েছেন ৪২ হাজারের বেশি জন। যদিও দেশটি ইতোমধ্যে উদ্ধার অভিযানের সমাপ্তি টেনেছে কিন্তু হাজার হাজার ধসে পড়া ভবনের নিচে এখনও অনেকে আটকা আছে বলে আশংকা করা হচ্ছে। 

জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, ভূমিকম্পে দুই দেশে আড়াই কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। দেশ দুইটির আকাশে ভূমিকম্পে লাশের গন্ধ রেশ কাটতে না কাটতেই তুরস্কে আজ ফের ভূমিকম্প আঘাত হানল।

ইত্তেফাক/ইআ