‘ওয়েলকাম টু স্মার্টভার্স’ স্লোগানকে সামনে রেখে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশের এযাবৎ কালের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘বেসিস সফটএক্সপো-২০২৩’। এই প্রদর্শনীতে যাওয়া-আসার সুবিধার্থে দর্শনার্থীদের জন্য প্রতিদিনই থাকছে বিনা মূল্যে শাটল বাস সার্ভিস। বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারি থেকে রাজধানীর পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে শুরু হতে যাওয়া চার দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
গতকাল সোমবার আয়োজকরা জানান, প্রদর্শনীতে যাওয়া আসার জন্য কুড়িল থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রতি ১৫ মিনিট পরপর বাস ছেড়ে ভেন্যুতে যাবে। একই সঙ্গে ভেন্যু থেকে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত ১৫ মিনিট পরপর বাস ছেড়ে কুড়িল আসবে। দর্শনার্থীরা বিনা মূল্যেই এসব বাসযোগে প্রদর্শনীতে যাওয়া-আসা করতে পারবেন। শাটল বাসের পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থান থেকে যারা রাইড শেয়ারিং সেবা পাঠাওয়ের মাধ্যমে বেসিস সফটএক্সপোতে যাওয়া-আসা করবেন, তাদের জন্য থাকবে বিশেষ ডিসকাউন্ট সুবিধা।
বিশ্ব এখন চতুর্থ শিল্পবিপ্লবের দ্বারপ্রান্তে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভার্চুয়াল রিয়েলিটি, মেটাভার্সসহ অত্যাধুনিক প্রযুক্তির যে অগ্রযাত্রা চলমান, সেই যাত্রায় বাংলাদেশকেও এগিয়ে নিতে হবে। তারই ধারাবাহিকতায় এবারের মেলার স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘ওয়েলকাম টু দ্য স্মার্টভার্স’। এবারের আয়োজনে ব্যবসা সম্প্রসারণ কিংবা নতুন উদ্যোগকে এগিয়ে নেওয়ার জন্য বিজনেস লিডারস মিট ও সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের আট শতাধিক পদস্থ কর্মকর্তা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের অংশগ্রহণে অ্যাম্বাসেডর নাইট, মন্ত্রীদের অংশগ্রহণে মিনিস্ট্রিয়াল কনফারেন্স, তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনবল ও চাকরির খোঁজ দিতে আইটি জব ফেয়ার এবং ক্যারিয়ার ক্যাম্প, বিটুবি ম্যাচমেকিং সেশন, ফ্রিল্যান্সিং কনফারেন্স, স্টার্টআপ কনফারেন্স, ডেভেলপারস কনফারেন্স, উইমেন ইন আইটি প্রোগ্রাম, জাপান ডেসহ নানা আয়োজন থাকছে। এছাড়াও বেসিস সফটএক্সপোতে অনুষ্ঠিত হবে অন্তত ২০টি সেমিনার ও প্রযুক্তি অধিবেশন, যেখানে সংশ্লিষ্ট খাতের সরকারি বেসরকারি নেতৃবৃন্দ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন।
