শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫২

শিশুকিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ পালন করলো দেশের প্রথম ডিজাইন বিশেষায়িত সাংস্কৃতিক তথা সৃজনশীল বিশ্ববিদ্যালয়- শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি। 

২০ ফেব্রুয়ারি দিবাগত রাতে রাজধানীর উত্তরায় শান্ত-মারিয়ামের স্থায়ী ক্যাম্পাসে ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ প্রফেসর শামসুন নাহারের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। 

এসময় আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বরেণ্য চিত্রশিল্পী মোস্তাফিজুল হক, শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা. আহসানুল কবীর, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান, গভর্মেন্ট এন্ড পলিটিক্স এর বিভাগীয় প্রধান ও আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. ইয়াসমীন আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ডীন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 

আলোচনা অনুষ্ঠানের মাঝে শান্ত-মারিয়াম একাডেমী অব ক্রিয়েটিভ টেকনোলজি ও বিশ্ববিদ্যালয়ের কালচারাল ফোরাম ও সঙ্গীত বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল একুশের গান, নৃত্য ও আবৃত্তিসহ নানা আয়োজন।
 
এরপর প্রজ্বলিত হয় অসংখ্য মোমবাতি, ঘড়ির কাটা ১২টা ছুইছুই অতঃপর ১ মিঃ এর নিরবতা শেষে সমবেত কণ্ঠে শুরু হয় বাঙ্গালীর আবেগের গান তথা একুশের কালজয়ী সঙ্গীত- আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো ... । কণ্ঠে গান আর হাতের ফুল দিয়ে শুরু হয় ক্যাম্পাসের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন। আর এভাবেই রাত পেরিয়ে ভোরের আলো ফোটার সঙ্গে-সঙ্গে অর্ধনমিত করা হয় জাতীয় পতাকা। 

এরপর সকাল ৭.৩০ মিঃ এ শান্ত-মারিয়াম একাডেমী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের অংশগ্রহণে শুরু হয় প্রভাত ফেরি। যা প্রদক্ষিণকালে এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আরো বৃহত্তর তথা গণমানুষের র‍্যালীতে পরিণত হয়। 

র‍্যালি শেষে শান্ত-মারিয়াম একাডেমীর শিশুকিশোরদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী এবং  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।

ইত্তেফাক/এএইচপি