আকাঙ্ক্ষা পূরণের পথে

আপডেট : ১৯ জুন ২০১৯, ১৯:১৪

রে জা উ ল  ক রি ম  খো ক ন

 

মুম্বাইয়ের মেয়ে হলেও তামিল, তেলেগু সিনেমার অঙ্গনে এখন তামান্নার অবস্থান বেশ দৃঢ়। অনেক সিনেমায় নায়িকা হওয়ার সুবাদে দক্ষিণী সিনেমার দর্শকদের চোখে স্বপ্নের রানি তিনি। অভিনেত্রী হিসেবে শুরু থেকে নিজেকে সম্ভাবনাময়ী হিসেবে প্রমাণ করতে পেরেছিলেন। যে কারণে তাঁকে কোথাও থমকে যেতে হয়নি। এক যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারের তিনি অনেকগুলো সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। এরমধ্যে তামিল সিনেমা ‘আয়ান’, ‘পাইয়া’, ‘সিরুতাই’, ‘ভিরাম’, ‘ধরমা দুরাই’, ‘দেবি’, ‘স্কেচ’ এবং তেলেগু সিনেমা ‘হানড্রেড পার্সেন্ট লাভ’, ‘রাচা’, ‘থাদাকা’, ‘বাহুবলি :দ্য বিগেনিং’ প্রভৃতির কথা উল্লেখ্য। এ সিনেমাগুলোর আকাশছোঁয়া সাফল্য তামান্নাকে দক্ষিণী সিনেমায় খুব ভালো একটি অবস্থানে প্রতিষ্ঠিত করেছে। এই মুহূর্তে দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী বিবেচনা করা হয় তাঁকে। শুধু তামিল, তেলেগু সিনেমাতেই নয়; বলিউডের হিন্দি সিনেমায়ও তামান্না তাঁর ক্যারিয়ারের সীমা বিস্তৃত করেছেন। ২০১৩ সালে তাকে ‘হিম্মতওয়ালা’র রিমেকে অজয় দেবগনের বিপরীতে নায়িকারূপে দেখা যায়। মূলত ‘হিম্মতওয়ালা’য় যে চরিত্রে একসময় অভিনয় করেছিলেন শ্রীদেবী, সে চরিত্রে তামান্না অভিনয় করলেও হিন্দি সিনেমার দর্শকদের সেভাবে আলোড়িত করতে পারেননি। বক্স অফিসে খুব ভালো ফলাফল করতে পারেনি তামান্নার ‘হিম্মতওয়ালা’। ২৯ বছর বয়সী এই দক্ষিণী অভিনেত্রী আবার নতুন একটি হিন্দি সিনেমা ‘খামোশি’তে অভিনয় করেছেন। এ সপ্তাহে মুক্তি পাচ্ছে হরর-সাসপেন্স-থ্রিলার ধাঁচের সিনেমাটি। ‘খামোশি’ সিনেমাতে তামান্নার সঙ্গে রয়েছেন দক্ষিণী সিনেমার আরেক সুপারস্টার অভিনেতা পরিচালক কোরিওগ্রাফার প্রভু দেবা। মজার ব্যাপার হলো ‘খামোশি’তে তামান্না কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। এখানে তাঁকে বোবা ও শ্রবণ প্রতিবন্ধী এক সুন্দরী তরুণীর ভূমিকায় দেখা যাবে।