সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবার শক্তির নাম শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
তিনি বলেন, ইতোমধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছেন। আগামীদিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।
রোববার (২৬ ফেব্রুয়ারি) সকালে ভার্চুয়ালে যুক্ত হয়ে লালমনিরহাটের আদিতমারী ও কালীগঞ্জ উপজেলায় প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে যেভাবে সারাবিশ্বকে চমকে দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নকে তিনি সফলভাবে বাস্তবায়ন করে যাচ্ছেন সেই অনুভুতি নিয়ে আমাদেরকে উন্নয়নের দিকে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, যারা আমাদের উন্নয়ন চায় না, যারা বাঙালি জাতি হিসেবে বিশ্বের দরবারে এদেশের মর্যাদা ক্ষুন্ন করতে চায়, তাদেরকে বলে দিতে চাই, এদেশের ১৭ কোটি মানুষ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আত্মপ্রত্যয়ে উজ্জীবিত হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাবে।
মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, ২০৪১ সালের মধ্যে প্রাণিসম্পদের উপর প্রধানমন্ত্রী যে কর্মসূচি ঘোষণা করেছেন সেই কর্মসূচি একের পর এক বাস্তবায়নের লক্ষ্যে সরকারকে সহযোগিতা করতে হবে।
