সাকিব-তামিম ইস্যুতে সমস্যা দেখছেন না হাথুরু

আপডেট : ০১ মার্চ ২০২৩, ০১:১২

অসময়ে সাকিব আল হাসান ও তামিম ইকবাল বিষয়ে বোমা ফাটিয়ে আবার ১৮০ ডিগ্রি ঘুরে গেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সৃষ্টি করেছেন বিতর্ক। বাংলাদেশের ক্রিকেট মহলের সর্বত্রই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব-তামিমের একে অন্যের সঙ্গে কথা না বলার বিষয়। এই বিতর্ক মাথায় নিয়েই আজ থেকে শুরু হচ্ছে ক্রিকেটের ‘ডাবল’ বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রশ্ন হলো, এই বিতর্ক কি বাংলাদেশ দলের খেলায় প্রভাব ফেলবে? দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হয়ে আসা চন্দ্রিকা হাথুরুসিংহের উত্তর— না।

গতকাল মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে আয়োজিত ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের শ্রীলঙ্কান কোচ সরাসরিই বলেছেন—এটা দলের মাঠের পারফরম্যান্সে কোনো রকম ছায়া ফেলবে না। সাকিব-তামিমের কথা না বলায় দলের কোনো সমস্যা নেই! তার মতে, মাঠের বাইরে কে কার সঙ্গে কথা বলল, না বলল, তাতে কিছু আসে যায় না। হাথুরুসিংহে এটাও বলেছেন, এমন ঘটনা অনেক দলেই ঘটে। তার দাবি, একই দলে খেলতে হলে দলের সবাইকে খুব ভালো বন্ধু হতে হবে, এমন কোনো কথা নেই। দলের মধ্যে কোনো গ্রুপিংও দেখছেন না তিনি।

হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে কোচ হয়ে এসেছেন মাত্র সপ্তাহখানেক হলো। মানে দলকে পরখ করার জন্য মাত্র সাত দিন সময় পেয়েছেন তিনি। এর মধ্যেই আবার ঐ উটকো বিতর্ক। যে বিষয়টি ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের আগে বাইরে টেনে বের করাই উচিত হয়নি। তো এই পরিস্থিতিতে দলের ড্রেসিংরুমের অবস্থা-পরিবেশ কেমন দেখছেন, এই প্রশ্নের উত্তরে কোচ হাথুরুর উত্তর, ‘আমি কাজ করছি সাত দিন হলো। আমি এমন দল ও ড্রেসিংরুমও দেখেছি, যারা সবাই দলে এক হয়ে খেলে না। কিন্তু সাকিব-তামিমের বিষয়টি তো অন্যরকম। ওরা যখন দলের হয়ে খেলতে নামে, তখন দেশের হয়েই খেলে। আপনি তো এটাই আশা করবেন।’

হাথুরু আরো যোগ করেন, ‘রাতে সবাইকে একসঙ্গে খেতে যেতে হবে, এমন কোনো কথা নেই। আসল ব্যাপার হলো, যতক্ষণ পর্যন্ত বাইরের বিষয় দলের পারফরম্যান্সে প্রভাব ফেলছে না, ততক্ষণ পর্যন্ত এটা ঠিক আছে। আমি এখানে কোনো সমস্যা দেখছি না।’ সাকিবের সঙ্গে সম্পর্কের বিষয়ে তামিম ইকবালও ঠিক এই সুরেই কথা বলেন।

বাংলাদেশ দলের শ্রীলঙ্কান কোচের দিকে আরো একটি প্রশ্ন ছুড়ে দেওয়া হয়—ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে সিরিজের আগে অন্দরের এই বিষয় বাইরে টেনে এনে বিতর্ক সৃষ্টির আদর্শ সময় কি না। হাথুরুসিংহে প্রথমে প্রশ্নটা এড়িয়ে যাওয়ার চেষ্টাই করেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি এড়াতে পারেননি। পালটা প্রশ্নে তাকে উত্তর দিতেই হয়েছে। আক্রণাত্মক সুরে খুব পরিষ্কার করে বলেছেন, ‘এমন আলোচনার জন্য এটা মোটেই আদর্শ সময় নয়। এ নিয়ে প্রশ্ন করারও এটা আদর্শ সময় নয়। এখন আদর্শ হলো সিরিজ নিয়ে আলোচনা করা।’

সাকিব-তামিম একে অন্যের সঙ্গে কথা বলেন না, তাদের কারণেই দলের মধ্যে গ্রুপিং সৃষ্টি হয়েছে—বিসিবি সভাপতির এই অভিযোগের সাকিব এবং তামিমের সঙ্গেও কথা হয়েছে কোচ হাথুরুসিংহের, ‘আমাকে সাকিব ও তামিম, দুজনেই আশস্ত করেছে, তাদের ব্যক্তিগত সম্পর্কের কারণে দলের কোনো ক্ষতি হবে না।’ কোচ হাথুরুর আগে তামিমও কিন্তু দেশবাসীকে এই আশ্বাস দিয়েছেন, তাদের ব্যক্তিগত সম্পর্কের কারণে দল ক্ষতিগ্রস্ত হবে না।

 

ইত্তেফাক/ইআ