বিজেপি সাংসদ ওম বিড়লাই ভারতের লোকসভার স্পিকার নির্বাচিত হলেন। বুধবার সপ্তদশ লোকসভা অধিবেশনের তৃতীয় দিনে স্পিকার হিসাবে প্রবীণ এই বিজেপি নেতার নাম প্রস্তাব করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাতে এনডিএ শিবিরের সব দলই সম্মতি দেয়। যার পর হাত ধরে তাঁকে স্পিকারের আসনে বসিয়ে আসেন মোদি স্বয়ং। খবর আনন্দবাজার পত্রিকা
রাজস্থানের কোটা-বুঁদির সাংসদ ওম বিড়লা। কংগ্রেসের রামনারায়ণ মীনাকে আড়াই লক্ষ ভোটে পরাজিত করে সম্প্রতি দ্বিতীয় বার সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি। এর আগে তিন দফায় রাজস্থানের বিধায়ক ছিলেন। এ ছাড়াও সংসদের বিদ্যুত্ সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলেন ওম বিড়লা। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের পরামর্শদাতা কমিটি এবং পিটিশন কমিটিরও সদস্য ছিলেন তিনি।
তাঁকে স্পিকার করা হতে পারে বলে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল দিল্লির রাজনৈতিক মহলে, এদিন সরাসরি তাঁর নাম প্রস্তাব করেন নরেন্দ্র মোদি। ওম বিড়লার প্রতিদ্বন্দ্ব্বী হিসাবে বিরোধীদের তরফে কারও নাম প্রস্তাব করা হয়নি। তাই এনডিএ-র শরিক দলগুলি তো বটেই, কংগ্রেস, তৃণমূল, বিজেডি এবং ডিএমকে-র মতো দলগুলির সম্মতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন ওম বিড়লা।
