স্পোর্টস ডেস্ক
সোমবার রাত। পরদিন ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। সেই রাতে ম্যানচেস্টারের একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন আফগানিস্তানের ক্রিকেটাররা খেতে গিয়ে মারামারির মতো বিশৃঙ্খল আচরণের নজির গড়লেন। ঘটনা এতটাই গুরুতর ছিল যে, রীতিমতো পুলিশ আসার পরই কেবল পরিস্থিতি সামাল দেওয়া গেছে।
আফগানিস্তানের কয়েকজন ক্রিকেটারের সাথে সেলফি তোলার আবদার করেছিলেন কিছু ভক্ত ও হোটেলের কর্মীরা। অনুমতি না নিয়ে ছবি তোলাতেই ক্রিকেটারদের মেজাজ বিগড়ে যায়। শোনা যায়, সেখানেই নাকি কেউ একজন প্রশ্ন ছুড়ে বসেন, ‘আগামীকাল খেলা, অথচ এখন আপনারা এখানে কি করছেন?’ এমনকি তিনি নাকি ভিডিও করে স্যোশাল মিডিয়ায় পোস্ট করারও হুমকি দিয়েছিলেন। এরপর আর নিজেদের ধরে রাখতে পারেননি রগচটা আফগান ক্রিকেটাররা।
রাত সোয়া ১১টার দিকে এই ঘটনা ঘটে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, আকবর’স রেস্টুরেন্ট নামের সেই খাবারের দোকানের এই ঘটনায় কেউ আহত হয়নি। পুলিশ অবধি ঘটনা গড়ালেও কাউকে গ্রেফতার করা হয়নি। তবে, পুলিশ এই ঘটনার তদন্ত চালিয়ে যাবে।
গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি) এক বিবৃতিতে বলেছে, ‘সোমবার রাত সোয়া ১১টার একটু পরে ম্যানচেস্টারের লিভারপুল রোড থেকে ফোন আসে। আমাদের অফিসাররা দ্রুতই ঘটনাস্থলে পৌঁছায়। কেউ আহত হয়নি, কাউকে গ্রেফতারও করা হয়নি। তবে, আমরা এই ঘটনার তদন্ত চালিয়ে যাব।’
মঙ্গলবারের ম্যাচে আফগানিস্তান স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের বিশাল ব্যবধানে হারে। পাঁচ ম্যাচের সবগুলোতে হেরে এখন তারা পয়েন্ট টেবিলের সবচেয়ে নিচের অবস্থানে আছে। বিশ্বকাপের শেষ চারে ওঠার কোনো পথই আর খোলা নেই তাদের সামনে।
আগামী ২২ জুন তাদের প্রতিপক্ষ শক্তিশালী দল ইংল্যান্ড। মঙ্গলবারের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক গুলবাদিন নাইব দাবি করেন, ম্যানচেস্টারে ওই রাতের ঘঠনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না।
