স্পোর্টস ডেস্ক
ভিডিও প্রযুক্তির সুবাদে তিন গোল বাতিল হলে স্বাগতিক ব্রাজিল কোপা আমেরিকায় গত মঙ্গলবার গোলশূন্য ড্রয়ে বাধ্য হলো ভেনেজুয়েলার সঙ্গে। এমন ড্র মেনে নিতে না পেরে ব্রাজিল দর্শকরা দুয়োধ্বনি দিল দলকে।
ব্রাজিল খেলাটিতে ফিলিপ কোতিনহোর শেষদিককার গোলে শেষ আট নিশ্চিত করেই ফেলেছিল; কিন্তু ভিডিও এসিসটেন্ট রেফারি (ভিএআর) আক্রমণটি রচিত হওয়ার সময় করা ফাউলের কারণে গোলটি বাতিল করে দেয়। এর আগে গ্যাব্রিয়েল জেসুসের একটি গোলও বাতিল হয়ে যায় একই কারণে।
রেফারি জুলিও বাসকুনান প্রথমার্ধে রবার্তো ফিরমিনহোর একটি শটও বাতিল করে দেন। সব মিলিয়ে গোলবঞ্চিত থাকতে হয় ব্রাজিলকে। তবে দুই খেলায় চার পয়েন্ট পেয়ে স্বাগতিকরা ‘এ’ গ্রুপের শীর্ষেই আছে। কোচ তিতে বলেছেন, ‘ভিএআর সঠিক ছিল। আমরা সঠিক সিদ্ধান্তই পেয়েছিলাম। উভয় গোলের ক্ষেত্রেই তারা সঠিক দাবি (ভিএআর) জানিয়েছিল।’
কোপা আমেরিকায় নিজেদের প্রথম খেলাতে বলিভিয়াকে অনেক কষ্টে হারিয়েছিল ব্রাজিল। এরপর ভেনেজুয়েলার বিরুদ্ধেও দুর্দশার কারণে বিরতির সময় ও খেলাশেষে দর্শকরা দুয়োধ্বনি দেয় স্বাগতিক দলটিকে। কোচ তিতে এ ব্যাপারে বলেন, ‘সমর্থকদের ব্যাপারটা বুঝতে হবে আমাদের। তারা গোল দেখতে চায়। আমিও দর্শকদের মধ্যে থাকলে এমনটিই করতে চাইতাম।’
