ইত্তেফাক রিপোর্ট
আজারবাইজান বাংলাদেশ থেকে আসবাবপণ্য, সিরামিক টাইলস, ওষুধ এবং আইটি সামগ্রী আমদানি করতে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরো বাড়ানোর বিষয়েও দেশটি আগ্রহী। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই নেতৃবৃন্দ এবং আজারবাইজানের রাস্ট্রদূত ড. আশরাফ শিখালিয়েভের মধ্যে গতকাল এফবিসিসিআই ভবনে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে আলোচনা হয়। এ সময় এফবিসিসিআই ও আজারবাইজানের শীর্ষ চেম্বারের মধ্যে ‘যৌথ চেম্বার’ গঠনের বিষয়েও দুই পক্ষই ইচ্ছা প্রকাশ করে। বৈঠককালে এফবিসিসিআই ভারপ্রাপ্ত সভাপতি মো. মুনতাকিম আশরাফ আজারবাইজানের ব্যবসায়ীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের দেওয়া আকর্ষণীয় সুবিধাসমূহও তুলে ধরেন। এফবিসিসিআই পরিচালক আব্দুল হক এবং এফবিসিসিআই মহাসচিব হোসাইন জামিল আলোচনায় অংশ নেন।
