ইত্তেফাক রিপোর্ট
প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর তাগিদ দিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, ‘আপনারা দয়া করে ভালো করে কাজ করেন। আর আমি যে কয়েকটা দিন আছি, দয়া করে আমাকে সাহায্য করেন। গতিটা বাড়াবার চেষ্টা করেন। আপনারা যে ধাঁচে কাজ করছেন, সেটাই করেন। বহুদিন যাবত্ এটা চলে আসছে। এখানে হাত দিয়ে আঙুল পোড়াতে চাই না। কারোর কাছে কাগজ (ফাইল) আসলে ধরে রাখবেন না। এটা গ্রহণযোগ্য নয়।’ গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে ডিজিটাল একনেক বিষয়ে আয়োজিত কর্মশালায় যোগ দিয়ে কর্মকর্তাদের এসব পরামর্শ দেন পরিকল্পনামন্ত্রী। প্রকল্প প্রণয়ন প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সংশ্লিষ্ট বা লাইন মিনিস্ট্রি থেকে খোঁড়া ফিজিবিলিটি করে প্রকল্প আমার হাতে চলে আসে। প্রকল্প নেওয়ার আগে ফিজিবিলিটি স্টাডি (সম্ভাব্যতা যাচাই) ভালো করে করতে হবে। সাধারণ মানুষের কল্যাণেই প্রকল্প হাতে নেয় সরকার। এই জন্য প্রকল্প প্রণয়নের আগে সঠিক স্টাডি ও সঠিক ফিজিবিলিটি স্টাডি করতে হবে।’ কর্মশালায় পরিকল্পনা বিভাগের সচিব মো. নূরুল আমিন, আইএমইডি সচিব আবুল মনসুর মো. ফয়জুল্লাহসহ পরিকল্পনা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
