ভূমি অফিসকে ম্যানেজ করে দখল হচ্ছে সরকারি জমি

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ২০:০১

সিলেটের ওসমানীনগরে ভূমি অফিসের কতিপয় কর্মকর্তা-কর্মচারীদের ম্যানেজ করে জাল দলিলের মাধ্যমে দখল করা হচ্ছে সরকারি খাস জমি। এসব দেখেও না দেখার ভান করছে ভূমি অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। 

অভিযোগ উঠেছে, উপজেলার বিভিন্ন স্থানে সরকারি খাস জমির পরিমাণ প্রায় সাড়ে ৩ হাজার একর। উপজেলা ভূমি অফিসের কতিপয় কর্মকর্তা-কর্মচারীদের অর্থের বিনিময়ে ম্যানেজ করে জাল দলিলের মাধ্যমে এসব সরকারি খাস জমি দখল করছে প্রভাবশালীরা। উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক, ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার ও প্রভাবশালীদের সমন্বয়ে সরকারি খাস জমির ভুয়া দলিল তৈরির সিন্ডিকেট গড়ে উঠেছে। আর সেই সব ভূয়া দলিল দিয়ে উপজেলা ভূমি অফিসে মোটা অংকের অর্থের বিনিময়ে মালিকানা দেওয়া হচ্ছে সরকারি খাস জমি। সিন্ডিকেটের মাধ্যমে প্রকাশ্যে অর্থ বাণিজ্য হলেও এসব বিষয়ে উপজেলা ভূমি অফিস নীরব ভূমিকা পালন করছে। 

জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি জাল দলিলের মাধ্যমে সরকারি জমি দখলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলার ব্রাহ্মণশাসন এলাকার মনোহর আলীর ছেলে আব্দুল করিম জেলা প্রশাসক ও দুর্নীতি দমন কমিশনে অভিযোগ করেন। এর অনুলিপি সচিব, ভূমি মন্ত্রণালয়, জেলা প্রশাসন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনারের (ভূমি) কার্যালয়ে প্রেরণ করা হলেও ১৫ দিনেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

ওসমানী নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব দাশ পুরকায়স্থ বলেন, সরকারি জায়গা নামজারি করা কোনোভাবেই সম্ভব নয়। যে অভিযোগ এসেছে সেটি আমার যোগদানের পূর্বে নিষ্পত্তি হয়ে গেছে। তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এবি/পিও