বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে পিটিয়েছে বখাটেরা

আপডেট : ১৯ জুন ২০১৯, ২২:২৬

মনপুরা থেকে চরফ্যাশন বেড়াতে আসা বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে পিটিয়ে আহত করেছে বখাটেরা। আহত যুবক আল মামুনকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার বেতুয়া লঞ্চঘাটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের বাবা মো. শাজাহান মিয়া জানান, তাদের বাড়ি মনপুরা উপজেলার মাস্টারের হাট এলাকায়। চরফ্যাশনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখতে গত মঙ্গলবার ছেলের শ্বশুর চরফ্যাশন উপজেলা পরিষদ জামে মসজিদের মোয়াজ্জিন হাফেজ আনছারের বাড়ি আসেন তিনি এবং তার ছেলে আল মামুন ও মেয়ে আকলিমাসহ পরিবারের ১০/১২জন সদস্য। পরেরদিন দুপুরে মনপুরা ফেরার পথে বেতুয়া ঘাটসংলগ্ন উন্নয়ন কর্মকাণ্ড দেখার এক পর্যায়ে বখাটেরা তার মেয়ের গা ঘেঁষে একাধিকবার হাঁটাচলা করছিল। এসময় তার ছেলে মামুন প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে পাঁচ-ছয়জন অজ্ঞাতনামা বখাটে তার ছেলেকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। বিষয়টি তিনি উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার আশীষ কুমারকে অবহিত করেছেন।

চরফ্যাশন থানার ওসি মো. শামসুল আরেফীন জানান, অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করে আহতের বাবা শাজাহান লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।