রাজধানীর মিরপুর থেকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ মার্চ) দিবাগত রাতে মিরপুরের স্বাধীন বাংলা মার্কেটের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩ টি চাকু ও ১ টি ছোরা উদ্ধার করা হয়। পথচারীকে ‘সালাম দিয়ে’ তারা ছিনতাই করে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, ওমর (১৬), উজ্জল হোসেন তালুকদার (২৬), মিজান (২৪) ও নয়ন (২৬)।
মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মিরপুর স্বাধীন বাংলা মার্কেটের সামনে অভিযান চালালে ৪ ছিনতাইকারী পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ৪ জনই চিহ্নিত ছিনতাইকারী। তাদের মধ্যে ওমরের বিরুদ্ধে ৩টি এবং নয়ন, উজ্জ্বল ও মিজানের বিরুদ্ধে ২ টি করে মামলা রয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা রাতে নির্জন স্থানে অবস্থান করে। কেউ যেন সন্দেহ না করে সেজন্য নিজেদের মধ্যে কিছুটা দূরত্ব রেখে দাঁড়িয়ে থাকে। কোনো পথচারী একা সে পথে গেলে তাকে প্রথমে সালাম দেয়। সালাম পেয়ে পথচারী দাঁড়ালেই বাকি ৩ জন আশপাশ থেকে এসে ভুক্তভোগীকে ঘিরে ধরে। পরে ছোরার ভয় দেখিয়ে পথচারীর সব ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ।
