আর্জেন্টাইনদের কাবাডি গল্প

আপডেট : ১১ মার্চ ২০২৩, ০৮:৫৪

আর্জেন্টিনা মানেই যেন বাংলাদেশের মানুষের কাছে বাড়তি উচ্ছ্বাস। ফুটবল দল কবে আসবে, তা নিশ্চিত নয়। তবে এই মুহূর্তে বাংলাদেশে আছে আর্জেন্টিনা কাবাডি দল। ১৩ মার্চ ঢাকায় শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে খেলতে গতকাল সকালে ঢাকায় এসেছে মেসিদের দেশের কাবাডি দল। ৪২ ঘণ্টা ভ্রমণ করতে হয়েছে। বিকালে হোটেলে গিয়ে জানা গেল খেলোয়াড়রা ক্লান্ত। দলের কোচ রিকার্ডো আকুইনা রুম থেকে বেরিয়ে এসে প্রথমেই বললেন, ‘আমি ইংরেজি পারি না।’ পরে দেখা গেল ইংরেজি ভালো বলেন এবং বুঝেন।

৫৫ বছর বয়সি রিকার্ডো শুধু দলের কোচই না, তিনি আর্জেন্টিনা কাবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি। ২০০০ সালে তিনি নিজেই কাবাডি সংস্থা গড়েছেন। খেলোয়াড় খুঁজে খুঁজে কাবাডিতে এনেছেন। সেখানে কোনো লিগ হয় না। ৬ টা ক্লাব আছে এই নিয়েই কাবাডির চর্চা। যারা ঢাকায় খেলতে এসেছেন তারা কেউ পেশাদার কাবাডি খেলোয়াড় না। কেউ তায়কোয়ানডো খেলেন, ভালো ফুটবল খেলেন, তিন জন দ্বিতীয় বিভাগে খেলেন, কুস্তিগীর তিন জন, ঘোড়া নিয়ে প্রতিযোগিতা করেন। বললেন, ‘আর্জেন্টিনার মানুষ কেউ একটা খেলা খেলে না। একজন চার-পাঁচটা খেলা খেলে। ঢাকায় আসা কোনো কাবাডি খেলোয়াড়রা পেশাদার না। তারা সৌখিন খেলোয়াড়। কোনো পারিশ্রমিক পান না বলে জানালেন রিকার্ডো।’

আর্জেন্টিনা কাবাডি দলের কোচ রিকার্ডো আকুইনা

ফুটবল তারকা দিয়েগো মারাদোনার সঙ্গে তার দুই বার দেখা হয়েছিল। ৯৪ বিশ্বকাপ ফুটবল থেকে ডোপিংয়ের অভিযোগে বিদায় হওয়া মারাদোনার সঙ্গে প্রথম সাক্ষাৎ। কাতার বিশ্বকাপ জয়ের পর কে বেশি জনপ্রিয়? মারাদোনা নাকি মেসি। এই প্রশ্নে রিকার্ডো বললেন, ‘আমাদের চোখে প্রথম গড হচ্ছে মারাদোনা। বিশ্বকাপ এনে দেওয়ায় দ্বিতীয় নতুন গড হচ্ছেন মেসি। তবে মেসির পরে ডি মারিয়া জনপ্রিয়।’ এই মানুষটির কণ্ঠে শোনা গেল মারাদোনা আর্জেন্টিনায় কতোটা জনপ্রিয়। এখনো নাকি মারাদোনার জন্য চোখের কোনায় জল জমে যায়। রিকার্ডো বললেন, ‘আর্জেন্টিনা বহু মানুষের শরীরে মারাদোনার ছবি আঁকা। দেওয়ালে দেওয়ালে, বড় বড় বিলবোর্ডে মারাদোনার ছবি ঝুলছে। দুই বছর আগে মারা গেছেন সে। এখনো তার জন্য অপলক তাকিয়ে থাকে মানুষ।’ রিকার্ডো বললেন, ‘আমাকে অনেকেই মারাদোনা বলে ডাকে। আমি আনন্দ পাই, কষ্টও পাই। সে নেই আমাদের মধ্যে।’ রিকার্ডো জানালেন তার দেশে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল, ফুটবল, ফুটবল। এর পর রাগবি।’ রিকার্ডো নিজেও একাধিক খেলায় পারদর্শী। ব্যাডমিন্টন, কাবাডি, রাগবি, ফুটবল খেলেছেন। জাতীয় দলের কাবাডি কোচ, জাতীয় দলের ব্যাডমিন্টন কোচ। পৃথিবীর ৪০টি দেশে ব্যাডমিন্টন খেলেছেন রিকার্ডো। মারাদোনা আমি এক সঙ্গে ব্যাডমিন্টন খেলেছি। তবে কাবাডি খেলাটা আর্জেন্টিনায় জনপ্রিয় না।’

রিকার্ডোর স্ত্রী কলম্বিয়ান। বিয়ে করেছেন  তিন বার। বললেন, ‘প্রথম দুই স্ত্রীর সঙ্গে ডিভোর্স হয়েছে সেখানে ছেলে-মেয়ে আছে। আর এখন যে স্ত্রী আছেন সেখানে কোনো সন্তান নেই। রিকার্ডো বললেন, ‘বাংলাদেশে আর্জেন্টিনা দূতাবাস খোলার পর এখন সেখানকার অনেক মানুষ বাংলাদেশ ভ্রমণ করতে চায়।’

ইত্তেফাক/জেডএইচ