নারী দিবসে মাস্তুল ফাউন্ডেশনের আয়োজনে সম্মানিত হলেন বিশিষ্ট নারীরা 

আপডেট : ১১ মার্চ ২০২৩, ১২:২৩

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাজে অবদান রাখা কিছু নারীদের নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন করে মাস্তুল ফাউন্ডেশন। বৃহস্পতিবার (৯ মার্চ) মাস্তুল স্কুলে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানটির মূল মন্ত্র ছিল সাধারন নারীরা রাখে সমাজে অসাধারন ভূমিকা। অনুষ্ঠানটি শুরু হয় মাস্তুল স্কুলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমীর সভাপতি, ঔপন্যাসিক এবং মাস্তুল ফাউন্ডেশন এর সম্মানিত উপদেষ্টা সেলিনা হোসেন। তিনি মাস্তুল স্কুল এর এতিম ও সুবিধা বঞ্চিত মেয়ে শিশুদের অনুপ্রেরণা দিয়ে বলেন "তোমরা মন দিয়ে পড়াশুনা করো।  আমরা নারীরা  চেষ্টা করলে  সমাজে অনেক বড় ভূমিকা রাখতে পারি।  আমরা চাই তোমরা বড় হয়ে সমাজে বিশেষ ভূমিকা রাখবে। “ 

অনুষ্ঠানে মাস্তুল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান বলেন , আমাদের সবসময় লক্ষ্য থাকবে সমাজের এই সুবিধাবঞ্চিত মেয়ে শিশুদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে দেয়া এবং বিধবা ও অসহায় নারীদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি করা।  

অনুষ্ঠানে মাস্তুল ফাউন্ডেশনের হেড অফ প্লানিং ও ডেভেলপমেন্ট ফারহানা ইয়াসমিন বলেন, “ আজকের এই অনুষ্ঠান আমাদের প্রতিষ্ঠানের সকল নারীরা মিলে আয়োজন করছে। নারীরা মিলে গড়তে পারে সুন্দর একটি সমাজ। আসুন আমরা সবাই এগিয়ে আসি, অসহায় নারীদের স্বাবলম্বী করে সামাজের ভিত্তিকে আরো দৃঢ় করি। 

নারী দিবস এর মূল লক্ষ্যকে সামনে রেখে মাস্তুল ফাউন্ডেশনের এই আয়োজনে পাঁচ জন অসহায় ও বিধবা নারীকে সেলাই মেশিন দিয়ে সহযোগিতা করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি সেলিনা হোসেন- কথা সাহিত্যিক ও বাংলা একাডেমির সভাপতি ছাড়াও উপস্থতি ছিলেন, সাজেদা আখতার লিপি- সহ সভাপতি অব ইনার হুইল ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্ট, সারিতা চৌধুরী- মনস্তাত্ত্বিক (কলকাতা), জোবায়দা আহসান -এইচ আর প্রফেশনাল, আয়েশা সিদ্দিকী - চেয়ারপারসন অব অ্যাএসএল বিপিও আউট সোর্সিং মার্কেটিং, অন্বেষা আহমেদ- সভাপতি অব পিএমআই বাংলাদেশ চ্যাপ্টার এবং আয়েশা শর্মিন চৌধুরী- প্রিন্সিপাল অব কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা। এবং মাস্তুল ফাউন্ডেশন কর্মীবৃন্দরা।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকল অতিথিদের মাস্তুল ফাউন্ডেশন এর পক্ষ থেকে সমাজে বিশেষ ভূমিকা রাখার জন্য সম্মাননা স্মারক দিয়ে সম্মান জানানো হয়।

ইত্তেফাক/এএইচপি