অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ৪ ইউএনওকে দুদকের চিঠি

আপডেট : ২০ জুন ২০১৯, ০০:২৯

ভূমি অফিসে খাজনা আদায়ে অনিয়ম ও স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সদের অনুপস্থিতিসহ সরকারি কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার অভিযোগ খতিয়ে দেখতে চার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের পক্ষ থেকে এসব চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য। তিনি বলেন, প্রাপ্ত তথ্য ও সুপারিশের ভিত্তিতে এসব চিঠি দেয়া হয়েছে।

দুদক সূত্র জানায়, ভূমি অফিসের বিরুদ্ধে খাজনা আদায়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি এর বেশি গ্রহণের অভিযোগ খতিয়ে দেখতে ফরিদপুরের আলফাডাঙ্গার উপজেলা নির্বাহী অফিসারকে, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সদের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ খতিয়ে দেখতে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে, পল্লী বিদ্যুত্ সমিতির বিরুদ্ধে বিদ্যুত্ লাইন ও মিটার লাগানোর কাজে অতিরিক্ত অর্থ আদায় ও অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে চাঁদপুরের কচুয়ার উপজেলা নির্বাহী অফিসারকে এবং একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবৈধভাবে টাকা দাবির অভিযোগ খতিয়ে দেখতে ঢাকার সাভার উপজেলা নির্বাহী অফিসারকে বলা হয়েছে।