প্রোটিয়াদের হারিয়ে নিউজিল্যান্ড এখন শীর্ষে

আপডেট : ২০ জুন ২০১৯, ০০:৪৯

কেন উইলিয়মাসন অপরাজিত সেঞ্চুরি ও গ্র্যান্ডহোমের হাফসেঞ্চুরিতে  নিউজিল্যান্ড গতকাল বুধবার দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো। অপরদিকে এ হারে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার আর কোন সম্ভাবনাই থাকলো না।

নিউজিল্যান্ডের সংগ্রহ পাচ খেলা শেষে ৯ পয়েন্ট। সমান খেলা শেষে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। তারপরেই আছে চার খেলায় ৭ পয়েন্ট পাওয়া ভারত। পাচ খেলায় সমানসংখ্যক পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে বাংলাদেশ।

উইলিয়ামসন ১৩৮ বলে ১০৬ রান করে অপরাজিত থাকেন। শেষ ওভারে ছক্কা হাকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ব্ল্যাক ক্যাপ অধিনায়কের ইনিংসে ছিল এক ছক্কা ও নয় বাউন্ডারির মার। যদিও তিনি ব্যক্তিগত ৭৬ রানের সময় ইমরান তাহিরের বলে কটবিহাইন্ড ছিলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকা রিভিউ না নেয়ায় রক্ষা পান তিনি। গ্র্যান্ডহোম ৪৭ বলে ৬০ রান করে আউট হন।

দক্ষিণ আফ্রিকা এদিন নিউজিল্যান্ডকে ২৪২ রানের লক্ষ্য দেয় যা যথেষ্ঠ ছিল না। সঙ্গত কারণেই সেমিফাইনালে ওঠার আশা জিইয়ে রাখতে হলে বল হাতে দুর্দান্ত কিছু করে দেখানার দরকার ছিল তাদের। বাস্তবে খেলাটিকে শেষ ওভার পর্যন্ত টেনে নেয়া ছাড়া প্রোটিয়ারা কার্যকর কিছু করে দেখাতে পারেনি। বিপক্ষ বরং তিন বল হাতে রেখেই জয় তুলে নেয়।

ভেজা আউটফিল্ডের জন্য গতকাল ইংল্যান্ডের বার্মিংহ্যামের এজবাস্টনে খেলাটি ৯০ মিনিট দেরীতে শুরু হয়। একই কারণে দুদলের এ লড়াইকে নামিয়ে আনা হয় ৪৯ ওভারে। টসে হেরে আগে ব্যাটিংয়ে বাধ্য হওয়া দক্ষিণ আফ্রিকা ছয় উইকেটে ২৪১ রান তোলে। এ সংগ্রহটিও সম্ভব হয় মুলত শেষ ১০ ওভারে ৭২ রান তোলায়।

ভন ডার ডুসেনের অপরাজিত ৬৭ রানে এমনটা সম্ভব হয়। তিনি ৬৪ বলে রানগুলো করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে দলগত সর্বোচ্চ সংগ্রহ ছিল এটি।

হাশিম আমলা এদিন ওয়ানডে ক্রিকেটে ৮০০০ রানের কোটায় পৌছালেও তিনি ৫৫ রান জোগাড়ে খেলেন ৮৩ বল। খেলা শুরুর আগে নজিরটি গড়তে তার দরকার ছিল কেবল ২৪ রানের। নিজের ১৭৬তম ইনিংসে এসে তিনি আট হাজারি ক্লাবে যোগ দিলেন। এক্ষেত্রে দ্রুততায় তার সামনে আছেন ভারতের বিরাট কোহলি। তিনি এক ইনিংস কম খেলে নজিরটি গড়েছেন।

আমলা হলেন ওয়ানডে ক্রিকেটের আট হাজারি ক্লাবে চতুর্থ প্রোটিয়া ব্যাটসম্যান। অপর তিনজন হলেন জ্যাক ক্যালিস, এবি ডি ভিলিয়ার্স ও হার্শেল গিবস।