একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে ২০ দলীয় জোটের ধানের শীষের প্রার্থী নুরুল ইসলাম আনছার প্রামানিক। আলোচিত এই আসনে দুই উপজেলা মিলে ১৪০টি কেন্দ্রে ২০টি ইউনিয়ন ও দু্ইটি পৌরসভায় ভোটার ২ লাখ ৯৬ হাজার ৫১২ জন। সব মিলে কুমারখালী-খোকসার রাজনৈতিক চালচিত্র এখন নির্বাচনমুখী।
নুরুল ইসলাম আনছার প্রামানিক কুমারখালী থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও চারবারের নির্বাচিত সাবেক মেয়র। এই আসনে আওয়ামী লীগের নতুন প্রার্থী হওয়ায় বিএনপির নেতাকর্মীরাও নতুন প্রার্থী পেয়ে মহা খুশি। থানা নেতাকর্মীরা মনে করছেন তারা এবার যোগ্য প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে থাকা জোটের এই প্রার্থীকে বিজয়ী করা অনেকটাই নিশ্চিত। কেননা গত উপজেলা নির্বাচনে ৯৭টি কেন্দ্রের মধ্যে ৭১টিতে জয়ী হলেও তাকে হারিয়ে দেয়া হয় বলে অভিযোগ আছে। কুমারখালী ও খোকসার তৃণমূল নেতাকর্মীরা ক্লিন ইমেজের বিএনপির আনছার প্রামানিককেই যোগ্য প্রার্থী ভাবছেন। তবে এই আসনে আরো একজন ধানের শীষে মনোনয়ন পেয়েছেন। তিনি জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। তারা দুইজনেই মনোনয়ন জমা দিয়েছেন। তৃণমূল নেতা-কর্মীদের অভিযোগ সৈয়দ মেহেদী আহমেদ রুমী শহরমুখী রাজনীতিতে ব্যস্ত থাকায় দলীয় নেতা-কর্মীদের সাথে সাথে দুরত্ব তৈরি হয়েছে।
কুমারখালী থানা বিএনপির সভাপতি এ্যাড. গোলাম মহম্মদ জানান, অনেক জল্পনা, কল্পনা অবসান ঘটিয়ে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে আলহাজ¦ নুরুল ইসলাম আনছার বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ায় উৎসবে মেতেছে জোটের নেতাকর্মীরা। অনেক দিন পর আনন্দে উজ্জীবিত দুই উপজেলার বাসিন্দারা।
খোকসা পৌর বিএনপির সভাপতি বাজু মুন্সি জানান, চূড়ান্ত মনোনয়ন প্রাপ্ত প্রার্থীদের মধ্যে আনছার প্রামানিক চিঠি পাওয়ার পর পরই নেতাকর্মীরা উৎসবে মেতে উঠে। মাঠ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পদবীধারী নেতাকর্মীরা দলে দলে সাধারণ মানুষ ও দলীয় নেতা কর্মীরা আনসার প্রামানিকের কাছে ছুটে আসছে ফুলের তোড়া হাতে। কুমারখালী ও খোকসার আ্ওয়ামী লীগ ও বিএনপির অঙ্গ সংগঠনের একাধিক নেতাকর্মী ধানের শীষের প্রার্থী হিসেবে নতুন মুখ আনছার প্রামানিককে পছন্দ করেছেন।
নুরুল ইসলাম আনছার প্রামানিক জানান, নির্বাচনী এলাকায় তার পক্ষে ২০ দলীয় জোটে শুরু হয়েছে গণজোয়ার। আমি কুমারখালী পৌরসভার চার বার সফল মেয়র ও একবার কমিশনার ছিলাম। আমার সময় উন্নয়নের ছোঁয়ায় কুমারখালী শহর তৃতীয় শ্রেনি থেকে প্রথম শ্রেনির মর্যাদা পেয়েছিল। এবার আমি সংসদ সদস্য হিসেবে জয়যুক্ত হলে কুমারখালী ও খোকসা দুই উপজেলাকে মডেলে পরিনত করবো।
