সন্ধ্যাটি ছিল সাউথ পয়েন্ট শিক্ষার্থীদের। কারণ, এদিন তারা বছরব্যাপী সাধনার স্বীকৃতি তথা পুরস্কার গ্রহণ করেছেন, নৃত্য করেছেন, গান গেয়েছেন। মন্ত্রীসহ হাজারও দর্শকের সামনে স্টেজে লাইভ পারফর্ম করেছেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ২১ বছর পূর্তি, বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে। গত ২০ মার্চ সন্ধ্যায় রাজধানীর বারিধারা জে ব্লকে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আয়োজন করা হয়েছিল এ অনুষ্ঠানের।
এতে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম এ রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
অনুষ্ঠানে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হামিদা আলী, ছয় শাখার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, শিক্ষক, শিক্ষার্থীসহ গণ্যমান্য অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি, সভাপতি ও অধ্যক্ষবৃন্দ। সভাপতির ভাষণে ইঞ্জিনিয়ার এম এ রশিদ বলেন, ‘সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন পূরণে আমাদের সন্তানরাই অবদান রাখবে। তাদেরকে সঠিক দিকনির্দেশনা ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারলেই আমরা দায়িত্ববোধসম্পন্ন সুনাগরিক তথা উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারব। আর সে লক্ষ্যেই আমরা রাজধানীর বিভিন্ন এলাকায় ৬টি শাখা প্রতিষ্ঠা করেছি।
যেখানে ২৫ থেকে ৩০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন ছয় জন অধ্যক্ষের নেতৃত্বে নিবেদিতপ্রাণ প্রায় দেড় হাজার শিক্ষক-শিক্ষিকা গুণগত ও নৈতিক শিক্ষাদান করছেন। ২১ বছর বয়সে ১৯ বছরই শত ভাগ পাসের ধারাবাহিকতা অব্যাহত ছিল আমাদের। তবে পাশ বা ফেলের চেয়ে সৃজনশীল নৈতিক শিক্ষাদানেই আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি। ফলে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় আমাদের প্রচুর শিক্ষার্থী প্রতি বছরই উত্তীর্ণ হন।
প্রধান অতিথি তার বক্তব্যে রাজধানীর বিভিন্ন স্থানে স্কুলটির নিজস্ব ক্যাম্পাস প্রতিষ্ঠাসহ সার্বিক উন্নয়নের প্রশংসা করেন।
সর্বশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
