নড়াইলে এক সাংবাদিক ও তিন এনজিও কর্মকর্তার জামিন না-মঞ্জুর

আপডেট : ২০ জুন ২০১৯, ২১:৪৩

ঢাকা সিআইডির অর্গানাইজড ক্রাইম স্কোয়াডের এসআই অলোক চন্দ্র হালদারের চলতি মাসের ১০ জুন করা মামলায় খুলনা থেকে প্রকাশিত দৈনিক খুলনাঞ্চল পত্রিকার সম্পাদক মিজানুর রহমান মিল্টন ও চলন্তিকা যুব সোসাইটির তিন কর্মকর্তার জামিন আবেদন না-মঞ্জুর করে তিন দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদলত। বৃহস্পতিবার নড়াইলের কালিয়া আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল আলম তাদের বিরুদ্ধে এ আদেশ দেন। শুক্রবার থেকে রিমান্ড কার্যকর শুরু হবে।

ঢাকা সিআইডির অর্গানাইজড ক্রাইমের সদস্যরা খুলনা থেকে ‘চলন্তিকা যুব সোসাইটি’ নামের একটি এনজিও গ্রাহকদের আমানতের ৩১ কোটি ৫৯ লাখ ৫৭ হাজার ৭৪০ টাকা আত্মসাতের মামলায় গত ১০ জুন সাংবাদিক ছাড়াও চলন্তিকা যুব সোসাইটির নড়াইলের কালিয়া শাখার জিএম-২ মিলন দাস, নড়াইলের বড়দিয়া শাখার এজিএম সজল দাস এবং একই শাখার ডিএম প্রণব দাসকে গ্রেফতার করে কালিয়া থানায় হস্তান্তর করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা অনুপ কুমার দাস জানান, বৃহস্পতিবার কালিয়া আমলী আদালতে আসামিদের পক্ষে জামিনের আবেদন করলে আদালত জামিনের আবেদন না-মঞ্জুর করে তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আজ শুক্রবার সকাল থেকে এ রিমান্ড কার্যকর হবে। এ ছাড়া এ মামলার ১ ও ২ নম্বর আসামিকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে আগামী ২৪ জুন রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।