ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

শাহবাজপুর সেতু সংস্কার চলছে

আপডেট : ২০ জুন ২০১৯, ২১:৪৭

ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের শাহবাজপুরে ক্ষতিগ্রস্ত সেতুটি সংস্কারের জন্য বন্ধ ঘোষণার পর মঙ্গলবার রাত থেকে যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। অসহ্য গরমে তীব্র যানজট সহ্য করে ৮-১০ ঘণ্টা অধিক সময় ব্যয় করে গন্তব্যে পৌঁছান যাত্রীরা। গতকাল সুনামগঞ্জের জগন্নাথপুরের আবদুল হাই নামের এক ব্যক্তি এই সড়কের জনদুর্ভোগের করুণ বর্ণনা দেন।

অপর এক যাত্রী জানান, তিনি ঢাকার উদ্দেশে সিলেট থেকে এনা পরিবহনের বাসে ওঠেন মঙ্গলবার রাত ১২টায়। অসহনীয় দুর্ভোগ ও তীব্র যানজট সহ্য করে পরদিন বিকাল ৪টায় ঢাকায় পৌঁছান। যাত্রীরা জানান, অনেক বাস তাদের যাত্রীদের নামিয়ে দিয়ে তিতাস নদী পার হয়ে অপর পার থেকে যেতে বলে। নিরুপায় হয়ে যাত্রীরা নদী পারাপার হয়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছেন। ভুক্তভোগী যাত্রীরা জানিয়েছেন, রাতের কষ্ট ছিল মর্মান্তিক। নৌকায় নদী পার হতে হয়েছে যাত্রীদের।  

উল্লেখ্য, শাহবাজপুর সেতুর চতুর্থ সপ্যানের ফুটপাতসহ রেলিং ভেঙে পড়ায় গত মঙ্গলবার রাত ৮টার দিকে সওজ সেতুর ওপর দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয়।

বিকল্প পথ হিসেবে আপাতত ঢাকা থেকে সিলেটগামী যানবাহনগুলোকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর ও হবিগঞ্জের লাখাই-হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়ক ব্যবহার করার জন্য বলা হয়। একইভাবে, সিলেট থেকে ঢাকাগামী যানবাহনগুলোকে বিজয়নগরের চান্দুরা হয়ে আখাউড়া এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা হয়ে কুমিল্লা-সিলেট মহাসড়ক ব্যবহার করতে বলা হয়। সংস্লিষ্টরা বলছেন, সেতুটি যান চলাচলের উপযোগী করতে তিন থেকে ১০ দিন লাগবে।