কুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু

আপডেট : ২০ জুন ২০১৯, ২১:৪৭

কুষ্টিয়ার কুমারখালীর বাঁশগ্রাম এলাকার কারিকরপাড়ায় বৃহস্পতিবার সকালে বিবদমান দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম আজম মুন্সী (৪৮)। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত্ টিক্কা মেম্বার গ্রুপ ও আলী গ্রুপের বিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় টিক্কা গ্রুপের লোকজনের সঙ্গে আলী গ্রুপের লোকজনের কথা কাটাকাটি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এর জের ধরে পরদিন আলী গ্রুপের  লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আজম মুন্সীর বাড়িতে হামলা চালায়। এতে আজম মুন্সি গুরুতর আহত হন। তাকে মুমূর্ষু অবস্থায় কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।

কুমারখালী থানার ওসি মিজানুর রহমান জানান, বতর্মানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া পুনরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।