ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে দাঁড়াতেই পারেনি আয়ারল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট ও বল হাতে দাপট দেখিয়েছে টাইগাররা। ওয়ানডের পর সোমবার (২৭ মার্চ) থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শুরু করবে আইরিশরা। তবে টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না নিয়মিত অধিনায়ক অ্যান্ডি বার্লবির্নি।
বার্লবির্নির পরিবর্তে আইরিশদের নেতৃত্ব দেবেন ওপেনার পল স্টার্লিং। এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রাম নেওয়ার কথা ছিল বালবির্নির। তবে ওয়ানডের বদলে এই সিরিজে একটি বাড়তি টেস্ট খেলবে আয়ারল্যান্ড। ফলে ওয়ানডে সিরিজের বিকল্প হিসেবে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম নিচ্ছেন তিনি।
বার্লবির্নির বিশ্রাম প্রসঙ্গে আইরিশ কোচ হেনরিখ মালান বলেন, 'আগামী মাসে শ্রীলঙ্কার বিপক্ষে বিরতি পাওনা ছিল অ্যান্ডির, টেস্ট সিরিজ ও মহা গুরুত্বপূর্ণ বিশ্বকাপ সুপার লিগের প্রস্তুতির জন্য। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ না খেলে আমরা টেস্ট খেলবো। তাই সে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম নিয়েছে।'
