সতীর্থদের বিশ্বকাপ জিততে বলে গেলেন ধাওয়ান

আপডেট : ২০ জুন ২০১৯, ২২:০৮

দেশে ফিরে যাওয়ার আগে এক আবেগময় বার্তায় দলসঙ্গীদের বিশ্বকাপ জেতার আহবান জানিয়ে গেলেন ভারত ওপেনার শিখর ধাওয়ান।

ধাওয়ান এবারের বিশ্বকাপে দুই খেলায় ১১৭ করলেও বুড়ো আঙুলের ইনজুরি সেরে না ওঠায় তার আর খেলা হচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যে উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পান্তকে উড়িয়ে আনা হয়।

বাহাতি এই ওপেনার এক ভিডিও বার্তায় বলেন,‘আমি বেদনাহত হয়েই জানাচ্ছি যে আমি আর এই বিশ্বকাপের অংশ হতে পারছি না। দুর্ভাগ্যজনকভাবে বুড়ো আঙ্গুলটি সময়মতো সেরে উঠবে না। তবে বিশ্বকাপ অবশ্যই অব্যাহত থাকবে। দলসঙ্গী, ক্রিকেটামোদী ও আমাদের পুরো জাতির কাছ থেকে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, সেজন্য আমি কৃতজ্ঞ। জয় হিন্দ।’

একই বার্তায় তিনি আরো বলেন, ‘বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করতে চেয়েছিলাম। এখন আমার সময় হয়েছে দেশে ফিরে যাবার। দ্রুত সেরে উঠে পরের মিশনের জন্য অপেক্ষা করতে হবে। আমি নিশ্চিত এ মুহূর্তে সতীর্থরা তাদের কাজটা ঠিকভাবেই করছে। বিশ্বকাপটাও জিতবে। আমাদের জন্য প্রার্থনা করুন। সমর্থন করুন। সবার জন্য রইল অনেক ভালোবাসা।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করার পথে বাঁ-হাতের বুড়ো আঙুলে চোট পান ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। চোট পাওয়ার পরও খেলাটিতে সেঞ্চুরি করে ম্যাচ সেরা হন তিনি। খেলা শেষে স্ক্যানের পর তার আঙুলের হাড়ে ফাটল ধরা পরে।

শুরুতে ধারণা করা হয়েছিল তিন ম্যাচ পর মাঠে ফিরতে পারবেন তিনি। পরে যখন জানা গেল এই চোট তাকে আরো বেশি সময় ভোগাবে তখনই ভারতীয় বোর্ড হাল ছেড়ে দেয়।

ভারত আগামীকাল শনিবার আফগানিস্তানের মুখোমুখি হবে। বিরাট কোহলির দল এখন পয়েন্ট টেবিলে চার নম্বরে আছে। চার ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নিউজিল্যান্ডের বিপক্ষে অপর খেলাটি বৃষ্টির বাগড়ায় পরিত্যক্ত হয়ে যায়।