মেসির গোল, তবুও জয়বঞ্চিত আর্জেন্টিনা

আপডেট : ২০ জুন ২০১৯, ২২:১১

লিওনেল মেসি এবারের কোপা আমেরিকায় গোলের দেখা পেলেও শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা দুর্বল শক্তির প্যারাগুয়ের বিপক্ষে জিততে পারেনি। দুদলের মধ্যকার গত বুধবার রাতের এ খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে। কোচ লিওনেল স্ক্যালোনি অবশ্য এখনো আশা ছাড়ছেন না। বরং দক্ষিণ আমেরিকার এ টুর্নামেন্টটিতে আশা টিকে থাকায় নিজেদের কিছুটা ভাগ্যবানও ভাবছেন আর্জেন্টিনা কোচ।

চলতি কোপা আমেরিকায় নিজেদের উদ্বোধনী ম্যাচে কলম্বিয়ার কাছে ২-০ গোলে হেরেছিলো আর্জেন্টিনা। বেলো হরিজন্তের এই ম্যাচেও শুরুতেই বিপদে পড়ে যায় স্ক্যালোনির শিষ্যরা। রিচার্ড সানচেজের গোলে পিছিয়ে পড়ে প্রথমার্ধ শেষ করে তারা।

বছর পাঁচেক আগে এই বেলো হরিজন্তেতেই খর্বশক্তির ইরানের বিপক্ষে দলকে গোলশূন্য ড্রয়ের হাত থেকে বাঁচিয়েছিলেন মেসি। ৫৭তম মিনিটের পেনাল্টি থেকে গোল করে এদিনও দলের ত্রাতারূপে আবির্ভাব ঘটে আর্জেন্টাইন অধিনায়কের। তবে এর মিনিট দুয়েক পরেই দলকে সমূহ বিপদের মুখে ফেলে দিয়েছিলেন ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। নিজেদের বিপদসীমায় প্রতিপক্ষ ফরোয়ার্ডকে ফাউল করে বসে পেনাল্টি হজম করেন তিনি। তবে দার্লিস গঞ্জালেজের দারুণ পেনাল্টিটি ঠেকিয়ে সে যাত্রায় দলকে রক্ষা করেন গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানি। ১-১ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় মেসিদের।

শুরুর ম্যাচে হার ও এই ড্রয়ের পর এক পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের সবচেয়ে নিচে অবস্থান করছে আর্জেন্টিনা। তবে দিনের অন্য ম্যাচে কলম্বিয়া ১-০ গোলে কাতারকে হারানোয় এখনো প্রতিযোগিতায় দলটির আশা টিকে রইলো। তবে সেক্ষেত্রে রবিবার এশীয় চ্যাম্পিয়ন কাতারকে তাদের হারাতে হবে বিশাল ব্যবধানে। গ্রুপের শেষ ম্যাচে প্যারাগুয়ে হেরে গেলে অবশ্য শুধু জিতলেই পরের রাউন্ড নিশ্চিত হবে আলবিসেলেস্তেদের। দলটির কোচ এক্ষেত্রে নিজেদের কিছুটা ভাগ্যবানই মনে করছেন। স্ক্যালোনির ভাষায়- ‘আমরা এখনো টুর্নামেন্টে টিকে আছি। এক্ষেত্রে নিজেদের ভাগ্যবানই বলতে হবে আমাদের।’ তিনি জানান প্রথমার্ধে গোল হজমের পর কিছুটা হকচকিয়ে গিয়েছিলো তার দল। তিনি বলেন, ‘তারা তাদের প্রথম আক্রমণেই গোল করে ফেলায় নিজেদের কিছুটা অনিশ্চয়তায় ফেলে দিয়েছিলো। আর্জেন্টিনার মতো দলে, যারা সবসময় জিততে চায় তারা প্রথমেই ধাক্কা খেয়ে গেলেই ব্যাপারটা কঠিন হয়ে যায়। কিন্তু প্রথমার্ধ বিরতিতে আমরা দলকে আশ্বস্ত করেছিলাম যে এটা মাত্রই এক গোলের ব্যাপার।’

দ্বিতীয়ার্ধে নিশ্চিত বিপদের হাত থেকে রক্ষা করা দলের গোলরক্ষক আরমানিরও প্রশংসা করতে ভুললেন না স্ক্যালোনি। তিনি বলেন, ‘ফ্র্যাঙ্কোয় বিশ্বাস আছে আমাদের। সেই আমাদের প্রথম পছন্দের গোলরক্ষক। সে একটি পেনাল্টি ঠেকিয়ে আমাদের আশা জিইয়ে রেখেছে। সে দারুণ নৈপুণ্য দেখিয়েছে এবং এতে আমি সন্তুষ্ট।’