লালমোহনে ফ্রেস কোম্পানীর স্টাফের হাতের আঙ্গুল কর্তন

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ১৭:০৪

লালমোহনে ফ্রেস কোম্পানীর এক স্টাফের হাতের আঙ্গুল কর্তন করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাতে লালমোহন হাসপাতালের ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। আঙ্গুল কর্তনের শিকার মোঃ শাহিন (২৮) ছাত্রদলের সাবেক নেতা বলে জানা গেছে। ঘটনার সময় সন্ত্রাসীরা কুপিয়ে শাহিনের ডান হাতের আঙ্গুলের রগ কর্তন করে। সে বর্তমানে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আহত শাহিন জানান, শুক্রবার রাতে কোম্পানির কাজে লালমোহনে বাজারে যাওয়ার পথে হাসপাতালের ব্রিজের ওপর গেলে ৭/৮ জন সন্ত্রাসী তাকে বেধড়ক মারধর করে। তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার ডান হাতের রগ কর্তন করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তার অবস্থার অবনতি হলে রাতেই ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে ভোলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফয়েজ উল্যাহ জানান, আহত শাহিনের ডান হাতের আঙ্গুলের একটি রগ কাটা গেছে।

এ ঘটনার জন্য শাহিন স্থানীয় শ্রমিক লীগ নেতা জাকির পঞ্চায়েতকে দায়ী করেন। কিন্তু জাকির পঞ্চায়েতের সঙ্গে কথা বললে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, 'তার ৩ দিন ধরে ডায়েরিয়া। তিনি বাসায় পড়ে আছেন। এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। তবে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল বা পারিবারিক বিরোধে এ ঘটনা ঘটতে পারে।'

লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির জানান, তিনি ঘটনা শুনেছেন। তবে এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পাননি।

ইত্তেফাক/নূহু