বগুড়ায় ভ্যানচালককে গলা কেটে হত্যা

আপডেট : ২০ জুন ২০১৯, ২২:৪২

বগুড়ায় সিরাজুল ইসলাম (৩৫) নামে এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সকালে সোনারায় ইউনিয়নের তেলকুপি মোড়ের একটি কলাবাগান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। সিরাজুল গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের বাবুনিয়া পোদ্দারপাড়া এলাকার আনসার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো বুধবার বিকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন সিরাজুল ইসলাম। এরপর রাতে আর বাড়ি ফেরেননি তিনি। গতকাল সকালে সোনারায় ইউনিয়নের তেলকুপি মোড়ের কলাবাগানে একটি লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

গাবতলী থানার ওসি সেলিম হোসেন জানান, ঘটনার পর থেকে সিরাজুলের ভ্যানটিও পাওয়া যাচ্ছে না। ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।