টাঙ্গাইলের কালিহাতীতে সরকারি পাঠ্যবই বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে। শনিবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলা পরিষদের গেটের কাছে এই দুর্ঘটনা ঘটে। এতে কয়েক হাজার বই খাদের পানিতে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, নারায়ণগঞ্জ থেকে সরকারি পাঠ্য বই বোঝাই একটি ট্রাক টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী উপজেলা পরিষদের গেট পার হলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক পাঠ্য বইগুলো পুলিশ পাহারায় রাখা হয়।
সরেজমিনে গিয়ে জানা গেছে, কালিহাতী এবং ঘাটাইল উপজেলার জন্য বরাদ্দকৃত আর.আর প্রিন্টিং এন্ড প্যাকেজিং কোম্পানির অষ্টম শ্রেণির ১ লক্ষ ২১ হাজার ১শত ২০ কপি সরকারি পাঠ্য বই ছিল ওই ট্রাকটিতে। এ দুর্ঘটনায় প্রায় কয়েক হাজার বই ক্ষতিগ্রস্ত হয়।
উপজেলা শিক্ষা অফিসার রোকেয়া খাতুন জানান, দুর্ঘটনার কথা শুনেছি। আজকে ছুটির দিন আমি বাড়িতে আছি। ক্ষতিগ্রস্তের পরিমাণ সঠিক বলতে পারবো না। তবে আমাদের জন্য বরাদ্দকৃত বই সবগুলোই রিসিভ করেছি।
ইত্তেফাক/বিএএফ
