জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) কর্মকর্তারা সদ্য অনুমোদিত কর্মকর্তা নিয়োগ ও পদোন্নতি নীতিমালা বাতিল করাসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট শুরু করলেও দু’ঘন্টা পর কর্মসূচি স্থগিত করেছেন।
রোববার (২ এপ্রিল) সকাল সাড়ে নয়টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে শতাধিক কর্মকর্তা অংশ নেন।
তাদের দাবি, গত ৯ মার্চের সিন্ডিকেট সভায় অনুমোদিত অফিসার নিয়োগ ও পদোন্নতি নীতিমালা বাতিল করা, অফিসার নিয়োগ ও পদোন্নতির বর্তমান রিভিউ কমিটি পুনর্গঠন করা, পুনর্গঠিত কমিটিতে অফিসার সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে অন্তর্ভুক্ত করা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন-২) এ বি এম কামরুজ্জামানকে অন্যত্র বদলি করা ও ভারপ্রাপ্ত সকল অফিস প্রধানদের স্থায়ী করা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অফিসার সমিতির সভাপতি আজিম উদ্দিন বলেন, উপাচার্যের সঙ্গে আলোচনার মাধ্যমে পরবর্তী সিন্ডিকেট সভা পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট কর্মসূচি স্থগিত করেছি। তবে সিন্ডিকেট সভায় আমাদের তিনটি দাবি মেনে নিতে হবে। অন্যথায় আমরা পুনরায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এছাড়া এবিএম কামরুজ্জামানের অন্যত্র বদলির দাবি মানতে যেহেতু সিন্ডিকেট সভার প্রয়োজন নেই। সেহেতু তাকে দ্রুত অন্যত্র বদলি করতে হবে।
