রংপুর ও মুকসুদপুরে দুই শিশু ধর্ষিত

আপডেট : ২০ জুন ২০১৯, ২২:৫৩

রংপুরে পাঁচ বছর বয়সি নাতনিকে ধর্ষণের অভিযোগ উঠেছে মোজাম্মেল হক (৫৫) নামে এক প্রতিবেশী দাদার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মোজাম্মেল হককে আটক করেছে পুলিশ। নির্যাতনের শিকার শিশুটিকে চিকিত্সার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির দাদি বলেন, বুধবার দুপুরের দিকে তার নাতনি বাড়ির বাইরে খেলা করছিল। এ সময় প্রতিবেশী দাদা মোজাম্মেল হক তাকে চকলেট দেওয়ার কথা বলে ঘরে নিয়ে ধর্ষণ করে। তার চিত্কারে বাড়ির লোকজন ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে মোজাম্মেলকে নগরীর কার্তিক মুন্সিপাড়ার নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ।

মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে।

এদিকে মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা জানান, উপজেলার উত্তর গঙ্গারামপুর গ্রামে ৪ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় নির্যাতিতা শিশুকে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে উত্তর গঙ্গারামপুর গ্রামের দিনমজুরের ওই শিশু কন্যাকে একই গ্রামের এমারাত মোড়লের ছেলে আর্থিন মোড়ল (১৫) বাড়ির পাশের পাটখেতে নিয়ে পাশবিক নির্যাতন করে। নির্যাতিতার মা টের পেলে সে পালিয়ে যায়। স্থানীয় কয়েকজন সালিশের নামে  বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ আবুল বাসার জানান, খবর পেয়ে হাসপাতালে শিশুটিকে দেখতে যান। এ ব্যাপারে অভিযোগ পেয়েছেন, মামলা প্রক্রিয়াধীন।