বয়স ৪১ বছর ২৭১ দিন! মানে আর কয়েক দিন পরই পা দেবেন ৪২-এ। এই বয়সেও ক্রিকেটটা খেলেই যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। অবশ্য অন্য সবকিছু ছেড়ে শুধু আইপিএলেই খেলছেন। তবে আইপিএলে শুধু খেলছেনই না, এই বয়সেও ধোনির ব্যাট যেন সেই আগের মতোই আগ্রাসী! পরশু লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে মাত্র ৩ বলের ইনিংসেই নিজের আগ্রাসী রূপটা আরেকবার দেখালেন ধোনি। সঙ্গে এটাও প্রমাণ করেছেন, তিনি আসলেই আইপিএলের শেষ ওভারের রাজা।
ধোনি ‘আইপিএলের শেষ ওভারের রাজা’ খেতাবটা অনেক আগেই পেয়েছেন। পরশু ৩ বলের ইনিংসে সেটাই আবার নতুন করে প্রমাণ করলেন আর কি! ৩ বলের ইনিংসেই দুটি ছক্কা মেরেছেন তিনি। ধোনি ব্যাট হাতে মাঠে নামেন ১৯.২তম ওভারের সময়। তো মাঠে নেমে প্রথম দুই বলেই দুটি ছক্কা হাঁকান তিনি। ধোনি ছক্কা দুটি আবার মেরেছেন গতি এবং সঠিক লাইনে বল করার জন্য বিশেষ সুনাম অর্জনকারী ইংলিশ পেসার মার্ক উডের বলে। ধোনি প্রথম ছক্কাটি মারেন থার্ডম্যানের ওপর দিয়ে। দ্বিতীয়টি মার্ক উডের বাউন্সারে দর্শনীয় হুক শটে। পরপর দুই বলে ছক্কা মেরেই ধোনি সব মিলে সপ্তম এবং পঞ্চম ভারতীয় হিসেবে আইপিএলে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। মাইলফলকটি ছুঁতে তার পরশু দরকার ছিল ৮ রান। ধোনি সেখানে করেছেন ১২ রান। মানে আইপিএলে এখন তার মোট রান ৫ হাজার ৪। দুই ছক্কায় মাইলফলকটি ছোঁয়ার পরের বলেই আউট হয়ে যান ধোনি।
এ নিয়ে আইপিএলে শেষ ওভারে মোট ৬৭৫ রান করলেন ধোনি! সেটাও ৮৮ ইনিংসের মাত্র ২৭৭ বলে। মানে শেষ ওভারে ধোনির স্ট্রাইক রেট ২.৪৫! বিস্ময়ের এখানেই শেষ নয়। আইপিএলে শেষ ওভারে মোট ৫৫টি ছক্কা মেরেছেন ধোনি। চার হাঁকিয়েছেন ৪৯টি। আইপিএল ক্যারিয়ারে শেষ ওভার রান করা এবং চার-ছক্কা মারায় ধোনির ধারে কাছেও কেউ নেই।
