সাতক্ষীরার তালা উপজেলা সদরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে কয়েকটি কালোমুখো হনুমান। খাদ্যের সন্ধানে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে তারা। রবিবার বিকালে তাদের গাছে গাছে এবং বিভিন্ন বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাচীরের ওপর চলাচল করতে দেখা যায়। উৎসুক জনতার মধ্যে অনেকে হনুমানগুলোকে কলা, বিস্কুট, লেবু, পাউরুটি খেতে দিচ্ছে। অনেকে আবার হনুমানকে নানাভাবে বিরক্তও করছে।
তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শুধাংশু কুমার সরকার বলেন, হয়তো পথ ভুলে হনুমানগুলো এ এলাকায় এসেছে। হনুমানগুলোর প্রাণ বাঁচাতে এলাকাবাসীর এগিয়ে আসা দরকার। রবিবার বিকালে ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের পাঁচিলের ওপর বসে ছিল দুটি হনুমান। এ সময় তিনিসহ অনেকেই তাদের প্রয়োজনীয় খাবার দিয়েছেন। স্থানীয় বাসিন্দা বেলাল হোসেন জানান, গত দুই-তিন দিন ধরে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে চার-পাঁচটি কালোমুখো হনুমান। শুনেছি, যশোরের কেশবপুর এলাকা থেকে আসা ফল বা সবজির ট্রাকে করে এসেছে হনুমানগুলো।
জানা গেছে, যশোর জেলার কেশবপুর থানার বিভিন্ন গ্রামে হনুমানের বসবাস। এসব গ্রামে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে প্রায় ৩০০-৪০০ হনুমান। প্রাণী বিভাগের তত্ত্বাবধানে এদের দেওয়া হয় বিভিন্ন খাদ্যসামগ্রী। তবে কোনো কারণে খাদ্যসংকট দেখা দিলে মাঝেমধ্যেই কিছু হনুমান আবাসস্থল রেখে বেরিয়ে পড়ে। কখনো কখনো অধিক খাদ্য ও ভালো আবাসের সন্ধানে মাইলের পর মাইল অতিক্রম করে লোকালয়ে চলে আসে।
এ বিষয়ে তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জয় বিশ্বাস বলেন, মুখপোড়া হনুমান বনের বাইরে বাস করা হনুমানের একটি প্রজাতি। মনুষ্যসৃষ্ট বৈশ্বিক আবহাওয়া, মানুষের উৎপাত, খাদ্য, বন ও পরিবেশের কারণে হনুমানগুলো দলে দলে এলাকা ত্যাগ করে থাকে। কেউ ফিরে যায়, অনেক হনুমান মারাও যায়। এ সময় তিনি হনুমানগুলোকে বিরক্ত না করে সম্ভব হলে প্রয়োজনীয় খাবার দিয়ে তাদের প্রাণ বাঁচাতে চেষ্টা করার আহ্বান জানান সবার প্রতি।
