আওয়ামী লীগ কার্যালয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২

আপডেট : ২১ জুন ২০১৯, ১৭:০২

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা ডাকা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছুরিকাঘাতে ও মারপিটে আওয়ামী লীগ এবং স্বেচ্ছাসেবক লীগের দুইজন নেতা গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যায় দুপচাঁচিয়া আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আনিসুর রহমান (৩২) ও সদর ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইউনুছ আলী (৩৪)। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ উপজেলা কৃষকলীগের আহ্বায়ক মেহেদী হাসানকে (২৮) গ্রেফতার করেছে।

দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে সভা আহ্বান করেন। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক একই সময় সভা ডাকেন। 

সভাপতি দলীয় কার্যালয়ে রাতে সভা করার সময় সাধারণ সম্পাদকের নেতাকর্মীরা হট্টগোল শুরু করে। এর এক পর্যায়ে হট্টগোলকারীরা সভাপতির পক্ষের স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আনিসুর রহমানকে ছুরিকাঘাত করে এবং ইউনুছ আলীকে মারপিট করে আহত করে। 

এ সময় পুলিশ দলীয় কার্যালয়ে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সাধারণ সম্পাদকের পক্ষের কৃষকলীগের আহ্বায়ক মেহেদী হাসানকে আটক করে। 

আহতদের দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আনিসুর রহমানের অবস্থার অবনতি ঘটলে তাকে রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই রাতেই আহত আনিসুর রহমানের মা রেনুকা বিবি বাদি হয়ে মেহেদীসহ কয়েকজনের নাম উল্লেখ করে মামলা করেন।
 
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক বলেন, আমাকে না জানিয়ে সভাপতি দলীয় কার্যালয়ে সভা ডাকা হয়েছে। তিনি আওয়ামী লীগের নেতাদের বাদ দিয়ে বিএনপির লোকজন নিয়ে সভা করায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হলে এ সংঘর্ষ বাঁধে।

আরও পড়ুন: ৭ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টা, দাদা গ্রেফতার

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান বলেন, বিধি মোতাবেক উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদককে দায়িত্ব দিয়ে সভা ডাকা হয়েছে। তারা সাধারণ সম্পাদককে সভার বিষয়টি অবহিত করেছেন। দলীয় কার্যালয়ে আমি সভা করার সময় সাধারণ সম্পাদকের পক্ষের লোকেরা কার্যালয়ে ঢুকে আমার নেতাকর্মীর ওপর হামলা চালায়।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক ভিন্ন ভিন্ন সময়ে দলীয় কার্যালয়ে সভার আহ্বান করেন। তারপরও রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইত্তেফাক/অনি