বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল একেএম নাজমুল হাসান বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে তুমব্রু সীমান্ত পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ সময় ঘুমধুম বাংলাদেশ-মিয়ানমার ফ্রেন্ডশিপ ব্রিজের কাছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) নম্বর (২) এর অধিনায়ক লেঃ কর্নেল ক্যাও নাইং সেসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিবি মহাপরিচালক আসন্ন চৈত্র সংক্রান্তি, পহেলা বৈশাখ ও বিজু উৎসব উপলক্ষে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদেরকে শুভেচ্ছা উপহার প্রদান করেন এবং তাদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন।
এ সময় বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়কসহ বিজিবি ও বিজিপির অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন।
বিজিবির বিভিন্ন ইউনিটের অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে বিজিবি মহাপরিচালক ১০ ও ১১ এপ্রিল কক্সবাজার রিজিয়নের আওতাধীন রামু সেক্টর সদর দপ্তর, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি), শাহপরীর দ্বীপ বিওপি এবং কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ ঘুমধুম বিওপি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক সকল পর্যায়ের অফিসার ও অন্যান্য পদবি সৈনিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়া অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
