সমুদ্রপথে মিয়ানমারে পাচারের পথে বিপুল পরিমাণ সার জব্দ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩১

মিয়ানমারে পাচারের সময় সেন্টমার্টিন থেকে বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ করা হয়েছে। এসময় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীসহ ১০ জন পাচারকারী আটক।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্টগার্ড জানায়, কক্সবাজারের সেন্টমার্টিন ছেঁড়া দ্বীপ সংলগ্ন দক্ষিণ-পূর্ব গভীর সমুদ্র এলাকায় শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে কোস্টগার্ড। অভিযান চলাকালীন সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে।

পরে আভিযানিক দল ধাওয়া করে বোটটিকে গভীর সমুদ্র থেকে আটক করতে সক্ষম হয়। ওই বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ২৪০ বস্তা (১২,০০০ কেজি) ইউরিয়া সার, ১৯০ বস্তা (৩৮০০ কেজি) রসুন ও ৯০ বস্তা (৪৫০০ কেজি) পেঁয়াজসহ বোটটি জব্দ করা হয়। এসময় বোট থাকা একজন রোহিঙ্গাসহ মোট ১০ জন পাচারকারীকে আটক করা হয়। 

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ আলামত এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ইত্তেফাক/এপি