কী হয়েছে সৌম্য সরকারের! যে ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন অপার সম্ভাবনা নিয়ে, সেই তিনি কবে থেকে ব্যর্থতার চোরাবালিতে আটকে আছেন। জাতীয় দলে রান পাচ্ছিলেন না, ঘরোয়া লিগেও তার ব্যাটে রান খরা। সৌম্য নিশ্চয়ই হতাশ। শুধু তিনি কেন, নির্বাচক হাবিবুল বাশারও হতাশ হয়ে পড়েছেন সৌম্যর ফর্মহীনতায়। তাহলে উপায়?
সেক্ষেত্রে সৌম্যকে নিজের পথ নিজেকেই খুঁজতে বললেন হাবিবুল। কারণ সৌম্যের কি সমস্যা সেটি তাকেই খুঁজতে হবে। অন্য কেউ তা খুঁজে দিবে না। মঙ্গলবার (১১ এপ্রিল) গণমাধ্যমকে বাশার বলেন, ‘সৌম্যর কাছে যে প্রত্যাশা সে অনুযায়ী পাচ্ছি না। কিছু দিন আগেও জাতীয় দলে ছিল। বাংলাদেশের পক্ষে তার অনেক ভালো পারফরম্যান্স আছে। ম্যাচ জেতানো পারফরম্যান্স। এখন প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স পাচ্ছি না। ও এখনও আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে। ঘরোয়া ক্রিকেটে ভালো করলে আমাদের পুল আরও বড় হয়। আমরা বিশ্বাস করি, ওর সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই। একটু হতাশ তো অবশ্যই।’
তিনি আরও বলেন, ‘ওর সঙ্গে সবাই কথা বলছে। যে মানসিক সমর্থন দরকার সেটা সবসময় দেওয়া হয়। মাঝেমাঝে ক্রিকেটারদের নিজেকেই নিজে বাঁচাতে হয়। ও কিন্তু অনেক দিন ধরে খেলছে, মোটেও নতুন ক্রিকেটার না। যথেষ্ট অভিজ্ঞ ক্রিকেটার। মানসিক সমর্থন তো সবসময় পায়। নিজেকেই ঠিক করতে হবে, কীভাবে খেলতে হবে সেটা নিজেকেই বের করতে হবে।'
