সালিশে ডেকে নিয়ে হত্যা: আওয়ামী লীগের দুই নেতাকে বহিষ্কার

আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৯:১৭

সালিশে ডেকে নিয়ে আমিনুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা মামলার আসামি তৌহিদুল ইসলাম ও শাহিন হোসেন আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করেছে নশরতপুর ইউনিয়ন আওয়ামী লীগ। সোমবার (১০ এপ্রিল) নশরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক সম্মিলিত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

নশরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক আজাদ জানায়, নশরতপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন হোসেন এবং সম্পাদক মণ্ডলীর সদস্য তৌহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে তাদের লক্ষ্মীপুর গ্রামে আধিপত্য বিস্তারের মাধ্যমে গ্রাম শাসন করে আসছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজি লুটপাটসহ নানা অপকর্ম করার অভিযোগ রয়েছে। 

উল্লেখ্য, গত ২২ মার্চ ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেমের ছেলে আমিনুল ইসলামকে সালিশে ডেকে শাহিন-তহিদুলের সঙ্গে চাঁদার দুই লাখ টাকার ভাগ বাটোয়ারা নিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়ে। এর জের ধরেই তাকে নির্মমভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

ইত্তেফাক/পিও