বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মারধর, দুই ছেলে থানায় আটক  

আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ২১:৩৬

রংপুরের বদরগঞ্জে খাস জমি থেকে ঘরবাড়ি সরিয়ে না নেওয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মারধর করেছে ইউপি সদস্য হারুনুর রশিদ ও তার ভাড়াটে লোকজন। এদিকে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা মারধরের শিকার হলেও থানা পুলিশ ইউপি সদস্যের মামলা নিয়ে মুক্তিযোদ্ধার দুই ছেলেকে থানায় আটকে রাখেন।

বুধবার (১২এপ্রিল) সকালে উপজেলার রামনাথপুর ইউনিয়নের উত্তর মোকসেদপুর ঠনঠনিয়া পাড়ায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা জমির উদ্দিন সরকার বাদী হয়ে বদরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

জানা যায়, ৭১সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকহানাদার বাহিনীর সদস্যরা রামনাথপুর ইউনিয়নের শতাধিত বাড়ী পুড়িয়ে দেওয়ার পর ভুমিহীন ৪৫টি পরিবার মোকসেদপুর এলাকার ঠনঠনিয়াপাড়া ভুতপুকুর বিলের পাড়ে খাস ভুমিতে বাড়ীঘর নির্মাণ করে তখন থেকে তারা সেখানে বসবাস করে আসছে। কিন্তু সম্প্রতিকালে বদরগঞ্জ উপজেলা প্রশাসন ওই খাস জমিতে গুচ্ছ গ্রাম করার নিমিত্বে তহশিলদারের মাধ্যমে সেখানকার লোকজনকে বাড়ীঘর ভেঙ্গে নিয়ে অন্যত্র সরিয়ে যেতে বলেন। কিন্তু ভুমিহীনরা তহশিলদারের কাছে বাড়ী ভাঙ্গার লিখিত অনুমতি (নোটিশ) পত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। এদিকে গত শনিবার রামনাথপুর ইউপি চেয়ারম্যান শওকত আলি ও সংশ্লিষ্ট ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হারুনুর রশিদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে খাস জমিতে বসবাসীকারীদের অন্যত্র সরিয়ে যাওয়ার জন্য বলেন। কিন্তু ভুমিহীনরা সেখান থেকে অন্যত্র সরিয়ে না যাওয়ায় ইউপি সদস্য হারুন ্অর রশিদ ক্ষুব্ধ হয়ে ওঠেন। গতকাল বুধবার সকালে ইউপি সদস্য হারুনুর রশিদ লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে ভুমিহীনদের জোর করে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। এসময় লোকজন তার কথামত সেখান থেকে সরে না যাওয়ায় মুক্তিযোদ্ধা জমির উদ্দিনকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এ সময় মুক্তিযোদ্ধার পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে এলে ইউপি সদস্যের ভাড়াটে বাহিনী মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের মারপিট করেন। এতে করে মুক্তিযোদ্ধার ছেলে শাহাজান আলী, ও শাহাদত হোসেন, নাতি সজিব সরকার, সাকিব সরকার, নাতনি ইতিমনি, পুত্রবধু সনিয়া বেগম, মুক্তিযোদ্ধার স্ত্রী জেন্নাতুন নেছা, ও মুক্তিযোদ্ধা জমির উদ্দিন সরকার আহত হন। খবর পেয়ে বদরগঞ্জ থানার এসআই ওয়ালী সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ঘটনায় মুক্তিযোদ্ধা জমির উদ্দিন বাদী হয়ে রামনাথপুর ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য হারুনুর রশিদ সহ কয়েকজন ব্যক্তির নামে থানায় অভিযোগ দায়ের করেন। 

বদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবু সাইদ সাংবাদিকদের বলেন, সেখানে সরকারিভাবে গুচ্ছ গ্রাম করা হবে এবং তাদের নামে সরকারিভাবে ঘর বরাদ্দ হবে মর্মে লোকজনকে সেখান থেকে সরিয়ে যেতে বলার পরেও তারা অজ্ঞাত কারণে সরিয়ে যায়নি। 

বদরগঞ্জ থানার ওসি হারিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। এ সময় শাহাজান ও শাহাদত নামে দুই ভাইকে আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় আটক করা হয়েছে। 

ইত্তেফাক/পিও