ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১৭:২৩

ভোলার লালমোহনে ফরহাদ হোসেন মুরাদ নামে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী ওই ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। 

অভিযুক্ত ফরহাদ হোসেন মুরাদ উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। অপরদিকে ভুক্তভোগী হলেন একই ইউনিয়নের গাইমারা গ্রামের ছিদ্দিকের ছেলে হেলাল। 

অভিযোগে বলা হয়, ইউনিয়নের পূর্ব গাইমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম প্রহরী পদে চাকরি দেওয়ার কথা বলে হেলালের কাছ থেকে ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ৩ দফায় সাড়ে তিন লাখ টাকা নেন ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ। কিন্তু সাড়ে ৫ বছরেও হেলালের চাকরি হয়নি। তাই চেয়ারম্যানের কাছে টাকা ফেরত চান হেলাল। এ সময় হেলালকে টাকা ফেরত না দিয়ে উল্টো তাকে হেনস্তা করা হয়। 

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদ বলেন, হেলাল সাড়ে তিন টাকার মানুষ না, কেন তার কাছ থেকে সাড়ে তিন লাখ টাকা নেব। তার কাছে প্রমাণ থাকলে মামলা করুক।
  
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল বলেন, ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মুরাদের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এবি/পিও