বাংলা বছরের শেষ দিন, অর্থাৎ চৈত্র মাসের শেষ দিনকে চৈত্র সংক্রান্তি বলা হয়। উৎসবে আর উল্লাসে এই দিনটিকে পালন করেছে উন্মুক্ত লাইব্রেরি।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাজু ভাস্কর্য সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেটে উন্মুক্ত লাইব্রেরি প্রাঙ্গণে দিনটি উদযাপন অনুষ্ঠানে গান পরিবেশন করে ব্যান্ড ‘কৃষ্ণপক্ষ’, ‘আপন ঘর’, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন ব্যান্ড ‘লৌকিক’ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহাদী হাসান ও সালমান।
উন্মুক্ত লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, বর্তমানে একটা শ্রেণি আমাদের সংস্কৃতিকে ধর্মের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে দেখাতে চায়। যারা ধর্মের সঙ্গে সংস্কৃতিকে সাংঘর্ষিক হিসেবে দেখাতে চায় তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাসেজ হলো- এই উৎসব কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, বাঙালি সংস্কৃতির দিক থেকে আমরা এটি পালন করছি এবং এটি আমাদের হাজার বছরের ঐতিহ্য।
অনুষ্ঠানটি উন্মুক্ত লাইব্রেরি কার্যকরী কমিটির সভাপতি সজিব তালুকদার সভাপতিত্ব করেন এবং সঞ্চালনা করেন উন্মুক্ত লাইব্রেরি কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোছাদ্দেক বিল্লাহ।
