ধান কাটা নিয়ে ছাতকে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত অর্ধশতাধিক

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ২২:০০

সুনামগঞ্জের ছাতকে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। তবে এ ঘটনায় এখনো কারো মৃত্যু সংবাদ পাওয়া যায়নি। শনিবার (১৫ এপ্রিল) উপজেলার কামরাঙ্গী গ্রামে ধান কাটা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। । 

জানা যায়, উপজেলার কামরাঙ্গী গ্রামের বাসিন্দা মৃত আলতাব আলীর ছেলে ও সাবেক ইউপি সদস্য কয়েছ মিয়া এবং একই গ্রামের মৃত ইছবর আলীর ছেলে ছোয়াব আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তাদের মধ্যে প্রায়শই সংঘর্ষের ঘটনা ঘটে। রমজান মাসের শুরুতেও দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে থানায় রয়েছে একাধিক মামলা। 

শনিবার সাবেক ইউপি সদস্য কয়েছ মিয়ার জমিতে বোরোধান কাটতে গেলে পূর্ববিরোধের জেরে ছোয়াব আলীর লোকজন এতে বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের শুরু হয়। প্রায় দেড় ঘন্টাব্যাপী দু’পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। 

জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহমেদ উল্লাহ ভূঁইয়া বলেন, সংঘর্ষের পর আহতদের হাসপাতালে নিয়ে গেলে সেখানেও দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। 

ছাতক থানার ওসি খান মোহাম্মদ মাঈনুল জাকির বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ইত্তেফাক/এবি/পিও