কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় গত জানুয়ারি থেকে গত ১৪ এপ্রিল পর্যন্ত সাড়ে তিন মাসে র্যাব, ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয়ে ডাকাতি করে আসছিল চক্রটি। এমন চারটি ডাকাতির ঘটনায় এ পর্যন্ত দুই নারী এবং ডিএমপির লালবাগ থানার এক কনস্টেবলসহ ২২ জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি মাইক্রোবাস, একটি প্রাইভেট কার, একটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি, ৫৫ লাখ টাকা ও স্বর্ণের বার।
ঢাকা জেলা পুলিশের অপরাধ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম শনিবার জানান, গত সাড়ে তিন মাসে র্যাব, ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে স্বর্ণ ব্যবসায়ী নাহিদ ও খোকনকে মডেল থানার কোনাখোলা এলাকায় আটক করে ৭০ লাখ টাকা ও স্বর্ণের ৫৫টি বার লুটে নিয়ে যাওয়াসহ এমন চারটি ডাকাতির ঘটনা ঘটেছে।
জানা যায়, গত ১১ এপ্রিল বেলা ১১টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার খোলামুড়া এলাকায় ইদু মিয়ার বাড়িতে সাংবাদিক ও ডিবি পুলিশ পরিচয় দিয়ে কয়েক জন ভিতরে ঢুকে বাড়ির সদস্যদের জিম্মি করে ৫ লাখ ৫৮ হাজার টাকা, দুইটি স্বর্ণের গহনা, মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয় । একপর্যায় ৯৯৯ এর জরুরি সেবার ফোন পেয়ে পুলিশ আশপাশ এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেট কার আটক করে। পুলিশ প্রাইভেট কারে থাকা ভুয়া ডিবি পুলিশ শফিকুল ইসলাম, এশিয়ান টিভির সাংবাদিক পরিচয়দানকারী ইমরান ও ক্যামেরা পার্সন সোনিয়া আক্তারকে আটক করে। তাদের কাছ থেকে লুণ্ঠিত ৩ লাখ টাকা, পাঁচটি মোবাইল ফোনসেট, দুইটি স্বর্ণের গহনা উদ্ধারসহ প্রাইভেট কারটি জব্দ করে থানায় নেওয়া হয়। মডেল থানায় ওসি মামুন অর রশিদ জানান, ইদু মিয়ার পরিবার থানায় এসে আটক ডাকাত ও লুণ্ঠিত টাকা ও মালামাল শনাক্ত করেন।
উল্লেখ্য, দক্ষিণ কেরানীগঞ্জে ভাওয়ারভিটি পাইকারি বর্জ্য তেল ব্যবসায়ী মারফত আলী গত ১৩ নভেম্বর ৮৫ লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য রওনা হলে একটি মাইক্রো র্যাব পরিচয় দিয়ে মারফতের গাড়ি থামিয়ে ৮৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। গত ১৫ জানুয়ারি পুলিশ ঐ ঘটনায় র্যাব সদস্য পরিচয়দানকারী রুবেল, রাজিব, ফাহিম ও হিমেলসহ ৯ ডাকাতকে আটক এবং ৫৫ লাখ টাকা ও বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি উদ্ধার করেছে। গত আট ফেব্রুয়ারি স্বর্ণ ব্যবসায়ী নাহিদ ও খোকনের কাছ থেকে ৭১ লাখ টাকা ডাকাতির ঘটনায় ডিবি পুলিশের সদস্য পরিচয়দানকারী সুজন, আলামিন, মিল্টন, রহমান ও সাজ্জাদসহ আট দুর্বৃত্তকে আটক করেছে। তাদের কাছ থেকে লুণ্ঠিত টাকা ও স্বর্ণের বার ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। অন্যদিকে ডাকাতির অপরাধে র্যাব (১০) দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইস্পাহানী আবাসিক থেকে ডিবি পুলিশ পরিচয়দানকারী ফরহাদ হোসেন ও সাংবাদিক পরিচয়দানকারী রিনা আক্তার নামে এক নারীকে আটক করেছে। তাদের মধ্যে ডিএমপির লালবাগ থানার এক জন কনস্টেবল রয়েছে। তার নাম কামরুজ্জামান । এ ব্যাপার কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পৃথক চারটি মামলা দায়ের করেছে পুলিশ।
