হঠাত্ তিস্তায় পানি বৃদ্ধি

আপডেট : ২১ জুন ২০১৯, ২১:৪৭

তিস্তার বানে ভেসে গেছে গঙ্গাচড়া উপজেলার বাদামচাষিদের স্বপ্ন। কৃষকরা জানান, গত মঙ্গলবার রাতে তারা যখন ঘুমে কাতর ঠিক সেই সময়ে হঠাত্ বেড়ে যায় তিস্তার পানি। উজান থেকে নেমে আসা ঢলে তিস্তার চরাঞ্চলসহ তিস্তা তীরবর্তী গ্রামগুলোতে পানি প্রবেশ করে। এর আগে তিস্তার চরাঞ্চলসহ অন্য এলাকার লোকজন বাড়িতে আনার জন্য জমি থেকে বাদাম তুলে ক্ষেতেই সংগ্রহ করে রাখে। কিন্তু হঠাত্ তিস্তার পানি বেড়ে ওই বাদাম ভেসে গেছে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার গজঘন্টা ইউনিয়নের গাউছিয়া গ্রামের কৃষক মকদুম আলী তার স্ত্রীকে নিয়ে উজান থেকে নেমে আসা পানির সঙ্গে বালুতে তলিয়ে যাওয়া বাদাম তুলে পানিতে ধুয়ে পরিষ্কার করছেন। এ সময় মকদুম বলেন, এবছর জমি লিজ নিয়ে বাদাম লাগিয়েছেন। তার একবিঘা জমিতে স্তূপ করে তুলে রাখা বাদাম পানির তোড়ে ভেসে গেছে। কোথায় গেছে এমন খোঁজখবর কেউ পায়নি। একই গ্রামের জাহাঙ্গীরের দেড়বিঘা, রাজ্জাকুরের প্রায় এক একর, রাজার দেড়বিঘা, সেরাজুলের দেড়বিঘা, আমিনুনের দুই বিঘাসহ আরো অনেকের বাদাম পানিতে ভেসে গেছে। কৃষকরা জানান, বাদাম বর্তমানে অর্থকরি ফসল। আলু তুলে এসব জমিতে বাদাম চাষ করেছেন তারা। উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, হঠাত্ করে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ার কারণে এমনটি হয়েছে। কৃষকদের অনেক ক্ষতি হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান জানিয়েছেন তিস্তায় পানি বেড়েছে। তবে শুক্রবার বিকাল থেকে পানি কমতে শুরু করেছে।