বেহাল পূর্বধলা সড়ক
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা সদর উপজেলা থেকে পূর্বধলা উপজেলা পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের সড়কটির অবস্থা বেহাল হয়ে পড়েছে। অপরদিকে নারায়ণডহর বাজার এলাকার সড়ক নদীভাঙনের কবল থেকে রক্ষাকারী দেওয়াল (গার্ডওয়াল) ধসে পড়েছে। এতে যে কোনো সময় যানবাহন সড়ক থেকে ছিটকে পড়ে বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, পূর্বধলার নারায়ণডহর বাজার এলাকার তিন-চারটি স্থান থেকে সড়ক রক্ষা দেয়াল ধসে পড়ায় সড়কটিই এখন যানবাহন চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। সড়কের নেত্রকোনা অংশ যেমন খারাপ তেমনি পূর্বধলার অংশও খারাপ। ছোট-বড় যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। অটো বা টেম্পু সড়কে উল্টে পড়ে যাচ্ছে। প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এ সড়ক চলাচলকারী অটোচালক হামিদ মিয়া বলেন, যাত্রীরা সড়ক খারাপ থাকার জন্য অটোতে উঠতে চান না। কারণ সড়কটি ভাঙা থাকায় অটোর ঝাঁকুনিতে যাত্রীরা অসুস্থ হয়ে পড়েন। ভাঙা সড়কের কারণে তাদের আয়-রোজগারও কমে গেছে বলে তিনি উল্লেখ করেন।
সড়কের বেহাল অবস্থার কথা স্বীকার করে নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদার বলেন, কাজের টেন্ডার হয়েছে। জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কারের কাজ শুরু করা হবে।
এদিকে পূর্বধলার সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক বলেন, সড়কটি সংস্কারের জন্য ইতোমধ্যে যোগাযোগ মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে এবং সড়কটি নতুন এবং প্রশস্ত করে নির্মাণের জন্য সড়ক ও জনপথ বিভাগকে উদ্যোগ নিতেও বলা হয়েছে।
