পুঠিয়ায় পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

আপডেট : ২১ জুন ২০১৯, ২১:৫৪

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীর পুঠিয়ায় বৃহস্পতিবার পৃথক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে উপজেলা সদর স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়। তার নাম মহরম আলী (৩০)। সে পুঠিয়া সদরের ১নং ওয়ার্ড পালোপাড়া মহল্লার বাসিন্দা আয়েনউদ্দিনের ছেলে। অন্যদিকে উপজেলার ভালুকগাছি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে পুকুরে ডুবে এক বছরের শিশুর মৃত্যু হয়েছে। তার বাবার নাম হায়দার আলী। তবে শিশুটির নাম জানা যায়নি। অপরদিকে উপজেলার মোহনপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম এমি আক্তার (২২)। এ ব্যাপারে নিহতের বাবা এনামুল হক থানায় ইউডি মামলা করেছেন। পরিবারের দাবি, মোবাইল ফোন বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু হয়েছে। তবে পুলিশ কথিত ওই মোবাইল ফোন ও চার্জার অক্ষত অবস্থায় উদ্ধার করেছে।

মোহনপুর থানার ওসি মোস্তাক আহম্মেদ জানিয়েছেন, গৃহবধূর শরীরের বাম হাতের তিনটি আঙুল ও মুখের ডান পাশে পোড়া দাগ রয়েছে।