তীব্র গরমে ভারতের জনজীবন এখন বিপর্যস্ত। বেশির ভাগ রাজ্যেই তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) দেশটির অধিকাংশ স্থানে তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড হয়। উত্তর প্রদেশের হামিরপুর ও প্রয়াগরাজে তাপমাত্রা ৪৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, দিল্লির প্রাথমিক আবহাওয়া কেন্দ্র সাফদরজং অবজারভেটরি সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে, যা স্বাভাবিকের চেয়ে চার গুণ বেশি। পুসা ও পিতমপুরা অঞ্চলের মানুষ তীব্র তাপপ্রবাহের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে।
সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৬ ডিগ্রি থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি পর্যন্ত রেকর্ড হয়েছে। এদিকে, ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, মেঘলা আবহাওয়া এবং হালকা বৃষ্টি বুধবার (১৯ এপ্রিল) বিভিন্ন স্থানে তাপপ্রবাহ থেকে কিছুটা স্বস্তি দিতে পারে।
আইএমডি জানিয়েছে, পশ্চিম হিমালয় অঞ্চলে মঙ্গলবার থেকে উত্তর-পশ্চিম সমভূমিতে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পাটনা, বাংকা, জামুই, নওয়াদা, আওরঙ্গবাদ, সুপল ও বিহারের আরও কয়েকটি জেলায় মঙ্গলবার থেকে দুই দিনের জন্য তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করে আবহাওয়া দফতর।
সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া রাজ্যের বেগুসরাই, নালন্দা, গয়া, আরওয়াল, ভোজপুর, রোহতাস, বক্সার, খাগরিয়া ও মুঙ্গের অঞ্চলেও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তাপমাত্রার ক্ষেত্রে আবহাওয়া দপ্তর চার রঙের কোড ব্যবহার করে।
বিহারের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, লোকজনকে তাপপ্রবাহ ও পানিশূন্যতা থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
