উল্টো পথে গিয়ে অপর বাসের সঙ্গে সংঘর্ষ,  শিশুসহ আহত ১৬

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১৬:১৫

মানিকগঞ্জের ঘিওরের ধুলন্ডি এলাকায় দুই বাসের সংঘর্ষে শিশু ও নারীসহ ১৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজানক। তবে তাদের পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বরংগাইল হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাবতলী থেকে ফরিদপুরের আলফাডাঙ্গায় যাচ্ছিল। মহাসড়কের ঘিওর উপজেলার ধুলন্ডি এলাকায় এসে বাসটি উল্টো পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আমেরিকান পরিবহন  অপর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের কমপক্ষে ১৬ যাত্রী আহত হন। খবর পেয়ে মহাসড়কের দায়িত্বরত পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে স্থানীয় মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল ও মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

ঘিওর থানার ওসি মো. আমিনুর রহমান জানান, পাটুরিয়াগামী রাজধানী পরিবহনের যাত্রীবাহী বাসটি  বিপরীত পাশ দিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাস দুটির চালক ও সহকারী পালিয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

ইত্তেফাক/আরএজে