ঈদের দিন আদালতে ৫ ‘হরিণ শিকারি’

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ০৯:৫৫

পূর্ব সুন্দরবনের সুপতি এলাকায় একটি মৃত চিত্রল হরিণসহ পাঁচ শিকারিকে আটক করে আদালতে চালান দিয়েছে বনরক্ষীরা।

আটকরা হলেন শরণখোলা উপজলার সোনাতলা গ্রামের নূর ইসলাম মল্লিক (৫৫), ইউসুফ হাওলাদার (৫০), সুমন (১৯), মো. হোসাইন তালুকদার (২০) ও মামুন হাওলাদার (২৫)।

বন বিভাগ জানায়, শরণখালা রেঞ্জের স্মার্ট পেট্রলিং টিমের বনরক্ষীরা নিয়মিত টহল দেওয়ার সময় শুক্রবার (২১ এপ্রিল) বিকেলে বনের দুধমুখী চাতরা নদীতে একটি ডিঙি নৌকা দেখতে পেয়ে সেটিকে থামাতে বলে এ সময় নৌকা আরোহীরা চার পা বাধা একটি হরিণ নদীতে ফেলে দেয় ঘটনাটি দেখে বনরক্ষীরা নদী থেকে হরিণটি উদ্ধার করলেও হরিণটা মারা যায়। হরিণ শিকারের দায়ে বনরক্ষীরা ডিঙি নৌকাসহ পাঁচ জনকে আটক করে নিয়ে আসে।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. মাহবুব হোসেন বলেন, হরিণসহ আটক পাঁচ শিকারির বিরুদ্ধে বনমামলা দিয়ে তাদের শনিবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।

ইত্তেফাক/আরএজে