সিল্কসিটি ট্রেনের টয়লেটে কিশোরী ধর্ষণের চেষ্টা

আপডেট : ২১ জুন ২০১৯, ২২:১৪

ঢাকা থেকে রাজশাহীগামী ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের টয়লেটে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতের এ ঘটনায় মমিনুল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিককে আটক করেছে পুলিশ। সে চাঁপাইনবাবগঞ্জ সদরের বাসিন্দা।

পুুলিশ জানায়, চলন্ত ট্রেনে শ্লীলতাহানির শিকার ১৪ বছর বয়সী ওই কিশোরীর বাড়ি সিরাজগঞ্জে। তার নানার বাড়ি রাজশাহীর পবা উপজেলার দামকুড়াহাট এলাকায়। নানি ও খালার সঙ্গে সে রাজশাহী যাচ্ছিল। ট্রেনে দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) উজ্জ্বল চন্দ্র বিশ্বাস জানান, ওই কিশোরীকে ৪০ মিনিট টয়লেটে আটকে রেখে শ্লীলতাহানি করে অভিযুক্ত যুবক। এক পর্যায়ে তাকে ট্রেনের টয়লেট থেকে উদ্ধার করা হয়। মমিনুল টয়লেটের দরজার সামনে দাঁড়িয়ে ছিল, ওই কিশোরী টয়লেট থেকে বের হওয়ার জন্য দরজা খুললেই মমিনুল তাকে পুনরায় ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ট্রেনের শব্দের কারণে ওই কিশোরীর চিত্কার শোনা যায়নি।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল জানান, নির্মাণ শ্রমিক মমিনুল ঢাকা থেকে বাড়ি আসছিল। ওই কিশোরীর ভাষ্য অনুযায়ী, ট্রেনের টয়লেটের ভেতর মমিনুল দীর্ঘ সময় ধরে তার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। তবে ধর্ষণের ঘটনা ঘটেনি। কিন্তু শ্লীলতাহানি ঘটেছে। ঈশ্বরদী থানায় মমিনুলের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা করেছে পুলিশ।